সামনেই আসল লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ইস্, তামিম যদি উইকেটে একজন ভালো সঙ্গী পেতেন! যদি বিদায় করা যেত এউইন মরগানকে! আম্পায়ারের বাজে সিদ্ধান্তের শিকার যদি না হতেন সাকিব!ইংল্যান্ডের বিপক্ষে মাত্রই শেষ হওয়া ওয়ানডে সিরিজের তিন ম্যাচে তিনটি আফসোস সঙ্গী হয়েছে বাংলাদেশের সমর্থকদের। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম উইকেটে যোগ্য সাহচর্য পেলে বাংলাদেশের স্কোর ২২৮ রানে শেষ না হয়ে অনেক এগিয়ে যায়। আর সেটা হলেই ভালো চাপে ফেলা যেত ২২৯ ছুঁতে ওই ম্যাচে ৪৬ ওভার খরচ করে ফেলা ইংল্যান্ডকে। দ্বিতীয় ম্যাচে মরগান আম্পায়ারদের বদান্যতায় বেঁচে গিয়ে দলকে এনে দিয়েছেন দুই উইকেটের জয়। তৃতীয় ম্যাচেও আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হওয়ার আগ পর্যন্ত ইংল্যান্ডের বেঁধে দেওয়া লক্ষ্যের পিছে ভালোমতোই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সাকিব।ভাগ্যের এই বৈরিতাগুলো না হলে কী হতো কে জানে। তবে এ নিয়ে বাংলাদেশের সমর্থকদের আফসোস থেকেই যাচ্ছে। বাগে পেয়েও ইংল্যান্ডকে হারানো গেল না। টেস্ট খেলুড়ে এই একটা দলই এখন পর্যন্ত বাংলাদেশের কাছে ওয়ানডেতে বধ হয়নি।‘মন্দের’ মধ্যেও নাকি একটা ‘ভালো’ দিক থাকে। ওয়ানডে সিরিজের এসব আফসোস থেকেই প্রেরণা খুঁজে নিতে পারে বাংলাদেশ। ১২ মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে দুই টেস্টের সিরিজ। ওয়ানডে সিরিজের ভুলত্রুটি শুধরে টেস্ট সিরিজে সাকিব-তামিমেরা ভালো করবেন—এটাই প্রত্যাশা। তবে দুই দলের টেস্ট লড়াইয়ের রেকর্ড বাংলাদেশের পক্ষে ভালো কোনো সম্ভাবনার ইঙ্গিত দেয় না।বলা বাহুল্য, এ পর্যন্ত হওয়া দুই দেশের মুখোমুখি চার টেস্টের প্রতিটিতেই হেরেছে বাংলাদেশ। পরাজয়ের ব্যবধানের দিকে তাকালে দুই দলের শক্তিমত্তা সম্পর্কেও ভালো একটা ধারণা পেয়ে যাবেন। দুটি টেস্ট ইনিংস ব্যবধানে (ইনিংস ও ২৬১, ইনিংস ও ২৭ রানে) হেরেছে বাংলাদেশ। অন্য দুটি টেস্টেও পরাজয়ের ব্যবধান বিশাল—৩২৯ রান ও ৭ উইকেট।অসম লড়াইয়ের এই চিত্র দুই দলের স্কোরেও পরিষ্কার। ৮ ইনিংসের মাত্র একটিতেই বাংলাদেশ ৩০০ রানের ওপর যেতে পেরেছে। পাঁচবার অলআউট হয়েছে ২০০-এর নিচে। আর ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোরই ২৯৫।ইংলিশ বোলারদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেনি—বাংলাদেশের স্কোরই সাক্ষী। আরও পরিষ্কার ধারণা পাওয়া যায় দুই দেশের টেস্ট সিরিজে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের দিকে তাকালে। ইংলিশদের নামের পাশে যেখানে পাঁচটি সেঞ্চুরি, বাংলাদেশের পক্ষে কেউ তিন অঙ্ক ছুঁতে পারেননি। ২০০৫ সালে চেস্টার-লি-স্ট্রিটে আফতাব আহমেদ করেছিলেন অপরাজিত ৮২ রান। বাংলাদেশের পক্ষে ওটাই ব্যক্তিগত সর্বোচ্চ। আগের টেস্টগুলোয় ব্যাট হাতে ম্যাচের ভাগ্য নিয়ন্তা ছিলেন মার্কাস ট্রেসকোথিক, মাইকেল ভন ও গ্রাহাম থর্প। দুই দলের টেস্ট লড়াইয়ে তাঁরা সেরা তিন ব্যাটসম্যানও। চার টেস্টে ট্রেসকোথিক, ভন ও থর্প ১১০.২০, ৭৪.৪০ ও ৮১.৩৩ গড়ে করেছেন ৫৫১, ৩৭২ ও ২৪৪ রান। এই তিনজনের কেউই নেই এবারের সিরিজে। নেই বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করা তিন ব্যাটসম্যান—জাভেদ ওমর, হাবিবুল বাশার ও খালেদ মাসুদও। বাংলাদেশের এই তিন ব্যাটসম্যানের রান ২০৫, ১৮৭ ও ১৭০।ব্যাটিংয়ে ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশ কতটা পিছিয়ে, তার আরও একটা প্রমাণ হয়ে আছে দুই দেশের সিরিজে বাংলাদেশের একটি মাত্র সেঞ্চুরি জুটি। ২০০৩ সালে ঢাকা টেস্টে হান্নান সরকার ও হাবিবুল বাশারের ১০৮ রানের জুটির বিপরীতে ইংল্যান্ডের সেঞ্চুরি জুটি ৯টি।শীর্ষ ব্যাটসম্যানদের মতো দুই দেশের টেস্ট লড়াইয়ে সফল বোলাররাও নেই এবারের সিরিজে। ২৩ ও ১৯ উইকেট নিয়ে সবচেয়ে সফল দুই বোলার ইংল্যান্ডের ম্যাথু হগার্ড ও স্টিভ হার্মিসন। প্রথমজন আগেই ক্রিকেট ছেড়েছেন, পরেরজন পড়তি ফর্মের কারণে ব্রাত্য। ১২ ও ১১ উইকেট নিয়ে এ তালিকার পরের দুটি স্থানে থাকা দুই বোলার মাশরাফি বিন মুর্তজা ও মোহাম্মদ রফিক।সব জায়গায়ই যে বাংলাদেশ পিছিয়ে আছে তা নয়। যেমন দুই দেশের টেস্ট লড়াইয়ে কমপক্ষে ৫০ রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট অলক কাপালি (৮৯.৩৯ ) ও আফতাবের (৮৭.৫০)। টেস্ট যেখানে ব্যাটিং গড় বাড়িয়ে নেওয়ার খেলা, সেখানে স্ট্রাইক রেটে এই এগিয়ে থাকাটা কীভাবে দেখবেন, সেটা আপনার ব্যাপার। তবে আরেকটা জায়গায় বাংলাদেশের দুই ব্যাটসম্যানের এগিয়ে থাকাটা লজ্জারই। একাধিকবার শূন্য রানে আউট হওয়া দুই ব্যাটসম্যানের দুজনই বাংলাদেশের। মাশরাফি বিন মুর্তজা তিনবার আউট হয়েছেন শূন্য রানে, মোহাম্মদ রফিক দুবার।আরেকটা জায়গায় অবশ্য মাকার্স ট্রেসকোথিকের সঙ্গে শীর্ষেই আছেন রফিক। এখানে লজ্জার কিছু নেই। এক ইনিংসে সর্বোচ্চ ৩টি করে ছক্কা মেরেছেন তারা।এবার সমতায় আছে দুই দল, এমন বিষয় সম্পর্কে বলা যাক। টসে চার টেস্টের দুটিতে জিতেছে ইংল্যান্ড, দুটিতে বাংলাদেশ। আরও অবাক করা তথ্য—স্বাগতিক অধিনায়কেরাই জিতেছেন টসে। তাহলে কি ১২ মার্চ চট্টগ্রামে শুরু হতে যাওয়া টেস্টে টস জিতছেন সাকিবই! জিতলে কী করবেন, সেটা এখনই ভেবে রাখতে পারেন বাংলাদেশ অধিনায়ক! শাহরিয়ার ফিরোজ