সামনেই একুশ, লোকসমাগম প্রচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিন না হলেও কাল প্রচুর জনসমাগম ছিল গ্রন্থমেলাকেন্দ্রিক টিএসসি এলাকায়। অমর একুশে সামনেই। বিকেল থেকে শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠান চলছে। বই কেনা হোক আর না হোক, সবান্ধবে আড্ডায় মেতে উঠতে বাধা নেই। বসন্তের ঝিরঝিরে হাওয়াও বেশ মনোরম। এসব নিয়েই বিকেলটা এখানে জমজমাট।কবি আসাদ চৌধুরীর সঙ্গে কথা হলো মেলায়। পাঞ্জেরি থেকে আসছে তাঁর কাব্য বজ্রকণ্ঠ থেমে গেল, উত্স থেকে ভ্রমণকাহিনি এ ভ্রমণ আর কিছু নয় এবং শব্দশিল্প থেকে রূপকথা তুষার কণা। বললেন, ‘আমাদের বইয়ের মান এখন একটা পর্যায়ে পৌঁছেছে। এখন প্রয়োজন অনুবাদ করে আন্তর্জাতিক বাজারে পরিবেশন করা। ইংরেজিতে অনুবাদ হলে ভারতে অনেক বড় বাজার আছে, যেখানে আমাদের বই চলবে বলে আমার বিশ্বাস।’ পাশাপাশি দুঃখ করে বললেন, ‘বহু শ্রমে-যত্নে আমরা যে প্রমিত ভাষা সৃষ্টি করেছি, তাকে এখন বিভিন্ন মিডিয়ায় বিশেষ করে, নাটকে ও এফএম রেডিওতে, কিছু কিছু লেখক তাঁদের উপন্যাসে যেভাবে বিকৃত করেছেন, তা অত্যন্ত মর্মান্তিক। পৃথিবীর কোনো দেশে এমন ঘটনা ঘটে না। অথচ আমরা ভাষার জন্য রক্ত দিয়েছি। বহু মনীষীর শ্রমে এই ভাষার সৌকর্য বেড়েছে। এখন তার এই যথেচ্ছ বিকৃতি দেখে মনে হয়, তাহলে কি দ্বিতীয়বার ভাষা আন্দোলন করতে হবে? এখন উইনস্টন চার্চিলের একটা কথা মনে পড়ে। তিনি বলেছিলেন, “স্কুলে ছাত্রদের বেত মারা খুব খারাপ। তবে ভবিষ্যতের ব্রিটিশ নাগরিকদের শুদ্ধ ইংরেজি শেখানোর জন্য বেত নয়, প্রয়োজনে চাবুক মারা দরকার”।’পরিসর অবশ্যই বাড়াতে হবে: ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই জায়গায় আর মেলা করা সম্ভব নয়। আমি প্রায়ই মেলায় আসি। মেলায় লোক বাড়ছে আর বাংলা একাডেমীর মাঠে নতুন ভবন তৈরি হওয়ার কারণে জায়গা কমে যাওয়ায় চলাফেরা করাই মুশকিল হয়ে পড়ে। সোহরাওয়ার্দী উদ্যানে মেলার একটি বড় অংশ সম্প্রসারণ করা প্রয়োজন। আমার মনে হয়, বিভিন্ন প্রতিষ্ঠান, শিশুদের বই এমন করে ভাগ করে বাংলা একাডেমীকে কেন্দ্র করে মেলাকে নতুন করে বিন্যাস করলে ভালো হবে।’ বলছিলেন, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। এবার তাঁর সম্পাদিত মুক্তধারা থেকে বাংলাদেশ মাই বাংলাদেশ নামের একটি বই এসেছে। এটি ১৯৭০ থেকে ১৯৭২ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তৃতার ভাষণ ও বিবৃতির সংকলন।মোড়ক উন্মোচন: নজরুল মঞ্চে এখন প্রতিদিনই ২০টির বেশি বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে। গতকাল দি রয়েল পাবলিকেশন থেকে সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ারের আত্মজীবনী আমার যত কথার মোড়ক উন্মোচন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। তিনি বই পড়ার মধ্য দিয়ে নিজেদের সমৃদ্ধ করে তোলার জন্য পাঠকদের প্রতি আহ্বান জানান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যসচিব কামাল নাসের চৌধুরী, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, মুনতাসীর মামুন, নাসির আহমেদ প্রমুখ।নতুন বই: কাল তথ্যকেন্দ্রে নতুন বই জমা পড়েছে ৯২টি। এর মধ্যে কয়েকটি ছিল প্রথমা প্রকাশন থেকে মুহাম্মদ হাবিবুর রহমানের প্রবন্ধ ও বিশ্লেষণ তত্ত্বাবধায়ক সরকারের দায়ভার, অন্যপ্রকাশ থেকে হাসনাত আবদুল হাইয়ের উপন্যাস পানেছারবানুর নকশীকাঁথা, বরেণ চক্রবর্তীর ভ্রমণ কাহিনি পিকাসোর রঙ মাইকেলাঞ্জেলার হাতুড়ি, রিবদম প্রকাশনা থেকে এসেছে সত্তর দশকের নাসির আহমেদের কবিতা সংগ্রহ-২, পাঠক সমাবেশ থেকে এসেছে আবদুর রশীদ সম্পাদিত শহীদুল জহির স্মারক গ্রন্থ, মাওলা ব্রাদার্স থেকে মো. কামাল হোসেনের গবেষণা তাজউদ্দীন আহমদের অর্থনৈতিক পরিকল্পনা, উত্স থেকে এসেছে দিলতাজ রহমানের শিশুসাহিত্য মা আমার চোখের আলো, অনুপম থেকে শুভাগত চৌধুরীর চিকিত্সাবিষয়ক বই ভালো থাকুন সজীব হয়ে থাকুন, ইত্যাদি থেকে ধ্রুব এষের উপন্যাস দূরের সবুজ বনভূমি, অ্যাডর্ন থেকে এসেছে মারুফ রায়হানের কাব্য পিলখানা ও অন্যান্য দীর্ঘশ্বাস, ইতি প্রকাশনী থেকে এসেছে আমিরুল ইসলামের কিশোর গল্প সাতটি সাত রকম গল্প, মোস্তফা হোসাইনের কিশোর যোদ্ধা এবং ফরিদুর রেজা সাগরের গল্পসমগ্র। এ ছাড়া উত্থানপর্ব থেকে এসেছে সুজন হাজারীর কাব্য জন্মদাহ ও মাহমুদ টোকনের কাব্য আত্মপ্রকাশ।ভাষা আন্দোলনের দলিল: মূলমঞ্চে গতকাল আলোচনার বিষয় ছিল ‘ভাষা-আন্দোলন: দুষ্প্রাপ্য দলিলের আলোকে’। প্রবন্ধ উপস্থাপন করেন আবুল আহসান চৌধুরী। আলোচনা করেন মাহবুবুল হক, রহমান হাবিব ও তারেক রেজা। সভাপতিত্ব করেন মোহাম্মদ আবদুল কাইউম। শেষে ছিল সুকন্যা নৃত্যাঙ্গনের নৃত্য এবং যক্তুর পরিবেশনায় কাব্যনাট্য কথামানবী।বিডিআরে বিদ্রোহ