সামরিক আদালতে দোষী সাব্যস্ত শরৎ ফনসেকা
সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় রাজনীতিতে নামার অভিযোগে শ্রীলঙ্কার সামরিক আদালত সাবেক সেনাপ্রধান জেনারেল শরৎ ফনসেকাকে দোষী সাব্যস্ত করেছেন। আদালত গতকাল শুক্রবার এ রায় দিয়েছেন বলে জানান সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা।ওই সেনা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কিছুক্ষণ আগে জেনারেল ফনসেকার উপস্থিতিতে রায় ঘোষণা করেছেন সামরিক আদালত। এখন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে এ রায় অনুমোদন করবেন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে।’ওই কর্মকর্তা আরও বলেন, ‘আদালত মত দিয়েছেন, ফনসেকাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা উচিত। তখন তাঁর চাকরিজীবনে পাওয়া সব খেতাব ও পদক কেড়ে নেওয়া হবে।’সামরিক আদালতের এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন, তামিল বিদ্রোহ দমনের নায়ক জেনারেল ফনসেকা। তাঁর দল ডেমোক্রেটিক ন্যাশনাল অ্যালায়েন্স (ডিএনএ) আদালতের রায় প্রত্যাখ্যান করে বলেছে, শুরু থেকেই এই আদালত ছিল মারাত্মক ত্রুটিপূর্ণ।দলের মুখপাত্র আইনপ্রণেতা অনুরা কুমারা দিশানায়েক বলেন, ‘আমাদের কথা হলো, সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর সামরিক আদালতে ফনসেকার বিচার হতে পারে না।’ তিনি আরও বলেন, ‘রায় ঘোষণার সময় আজ আদালতে ফনসেকার কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এমনকি বিবাদীপক্ষের আইনজীবীর অনুপস্থিতিতেও কয়েকজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এটাকে বিচার বলে না।’তিন সদস্যের এই সামরিক আদালতের কার্যক্রম শুরু হয় পাঁচ মাস আগে। এ রায়ের বিরুদ্ধে বেসামরিক আদালতে আপিল করা যাবে। জেনারেল ফনসেকার নেতৃত্বেই শ্রীলঙ্কার সেনাবাহিনী গত বছরের মে মাসে তামিল বিদ্রোহীদের পরাজিত করে। এর ফলে দেশে ৩৭ বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসান হয়। ওই যুদ্ধের সময় সেনাপ্রধানের সঙ্গে প্রেসিডেন্ট রাজাপক্ষের খুবই ভালো সম্পর্ক ছিল।রণক্ষেত্রের সাফল্য রাজনৈতিক ক্যারিয়ার গড়তে কাজে লাগানোর জন্য চলতি বছরের জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন শরৎ ফনসেকা। সহযোগী থেকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতে পরিণত প্রেসিডেন্ট রাজাপক্ষের সঙ্গে এর পর থেকে তাঁর সম্পর্কের চরম অবনতি হয়। রাজাপক্ষে সহজেই পুনর্নিবাচিত হন। নির্বাচনের মাত্র দুই সপ্তাহের মাথায় ফনসেকাকে গ্রেপ্তার করা হয় প্রেসিডেন্টকে অপসারণের ষড়যন্ত্রের অভিযোগে। তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে বিভিন্ন আদালতে। ফনসেকা এর সবই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। এএফপি, বিবিসি।