সামরিক আদালতে ব্যাংক কর্মকর্তার সাজার রায় নিয়ে হাইকোর্টের রুল
এরশাদের শাসনামলে বিশেষ সামরিক আদালতে আনন্দ কান্তি সরকার নামে এক ব্যাংক কর্মকর্তার সাজার রায় কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। পাশাপাশি ওই রায়ের পরিপ্রেক্ষিতে সোনালী ব্যাংকের মিরপুর-১ শাখার তত্কালীন ব্যবস্থাপক আনন্দ কান্তিকে বরখাস্ত করা কেন বেআইনি হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন।আইন সচিব, অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ আট বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। অর্থ আত্মসাতের অভিযোগে ১৯৮৫ সালে মিরপুর থানায় আনন্দ কান্তির বিরুদ্ধে মামলা হয়। পরে তা বিচারের জন্য বিশেষ সামরিক আদালত-৭ এ স্থানান্তরিত হয়। ১৯৮৬ সালের ১৩ ফেব্রুয়ারি সামরিক আদালতের রায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরের বছর ২১ জুলাই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। সাত বছর কারাভোগের পর তত্কালীন রাষ্ট্রপতির অনুকম্পায় তিনি মুক্তি পান বলে রিট আবেদনকারীর আইনজীবী জানিয়েছেন। আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। মনজিল মোরসেদ পরে সাংবাদিকদের বলেন, আদালত ইতিমধ্যে সামরিক শাসন অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন। এ কারণে ওই সামরিক আদালতের সাজার রায় ও বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার রিটটি করা হয়। রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।