সামরিক একাডেমিতে কাল শায়িত হবেন চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার সদ্যপ্রয়াত বিপ্লবী নেতা হুগো চাভেজের মরদেহ আগামীকাল শুক্রবার রাজধানী কারাকাসের সামরিক একাডেমিতে সমাহিত করা হবে। একই দিন তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া হবে। আজ বৃহস্পতিবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।গতকাল বুধবার চাভেজের কফিন নিয়ে রাজধানীতে শোকযাত্রা করে হাজারো মানুষ। এতে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। এ সময় ‘চাভেজ বেঁচে আছেন’ বলে স্লোগান দেন তাঁর ভক্তরা। শোকযাত্রায় চাভেজের পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি আর্জেন্টিনা, বলিভিয়া ও উরুগুয়ের প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। এ সময় সবাই চাভেজের ছবিওয়ালা টি-শার্ট পরেন। ভক্ত ও সমর্থকেরা জাতীয় পতাকায় আচ্ছাদিত চাভেজের কফিনের ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে দেন। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য চাভেজের মরদেহ মিলিটারি একাডেমিতে রাখা হয়েছে। দুই বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে গত মঙ্গলবার মৃত্যুবরণ করেন চাভেজ। গত বছরের ১১ ডিসেম্বর চতুর্থ দফা অস্ত্রোপচারের পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। কিউবায় চিকিত্সা শেষে গত মাসে দেশে ফেরেন চাভেজ। এদিকে, চাভেজের মৃত্যুর খবর জানানোর কিছুক্ষণ আগে ভেনেজুয়েলা থেকে মার্কিন দুই সামরিক কর্মকর্তাকে বহিষ্কার করেন ভাইস প্রেসিডেন্ট মাদুরো। তিনি অভিযোগ করেন, ভেনেজুয়েলার শত্রুরা কোনোভাবে চাভেজের শরীরে ক্যানসারের জীবাণু ঢুকিয়েছে। সেই জীবাণু কুরে কুরে খেয়েছে মহান এই নেতাকে।ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী এলিয়াস হয়া জানান, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো দেশের অন্তর্বর্তী নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের নেতা চাভেজ এই নির্দেশ দিয়ে গেছেন।’ তিনি জানান, সংবিধান অনুযায়ী ৩০ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ডিয়েগো মোলেরো বলেন, সশস্ত্র বাহিনী ভেনেজুয়েলার সংবিধান ও নেতা চাভেজের আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাবে।১৯৯৯ সাল থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ছিলেন চাভেজ।