সামরিক জাদুঘরে একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় সরণিতে সামরিক জাদুঘরের প্রধান ফটক দিয়ে ঢুকেই সবুজ-শ্যামলিমার দেখা মেলে। সবুজ ঘাসে ছাওয়া মাঠটি দেখে চোখ জুড়িয়ে যায়। আর চারপাশের সবুজ বৃক্ষ ও পরিবেশ ছায়া সুনিবিড় করে তুলেছে। সেই সঙ্গে দেখতে পাওয়া যায় সারিবদ্ধ ট্যাংক, ট্যাংক ক্রুজার ও অষ্টাদশ শতক থেকে এ সময় পর্যন্ত ব্যবহূত বেশ কিছু কামান। এগুলো দেখে ভড়কে যাবেন না যেন। কারণ, এগুলো আর ব্যবহূত হচ্ছে না। রাখা হয়েছে শুধু প্রদর্শনীর জন্য।বাংলাদেশের মুক্তিযুদ্ধে সামরিক বাহিনী বিশাল অবদান রাখে। আবহমান বাংলার চিরাচরিত সামগ্রিক ঐতিহ্যের ধারাবাহিকতায় এ দেশের সামরিক বাহিনীর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য আর উন্নয়নের ক্রমবিকাশ সংরক্ষণ ও প্রচার করার জন্য ১৯৮৭ সালে ঢাকার মিরপুর সেনানিবাসের প্রবেশদ্বারে স্থাপন করা হয় বাংলাদেশ সামরিক জাদুঘর। সামরিক জাদুঘরের গুরুত্ব এবং দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে সামরিক জাদুঘরটি ১৯৯৮ সালে নগরের গুরুত্বপূর্ণ ও কেন্দ্রস্থল বিজয় সরণিতে স্থাপন করা হয়। যে কেউ বিনা টিকিটেই এ জাদুঘরে ঢুঁ মারতে পারবেন। জানতে পারবেন এ দেশের সামরিক ঐতিহ্যের পাশাপাশি মুক্তিযুদ্ধের নানা নিদর্শন।জাদুঘর ভবনের নিচতলার পূর্ব পাশে রয়েছে ‘ইতিহাস দর্পণ’ নামে একটি কক্ষ। এ কক্ষে রয়েছে অত্যাধুনিক টাচস্ত্রিন কম্পিউটারের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ-সম্পর্কিত চলচ্চিত্র। এ ছাড়া এই টাচস্ত্রিন কম্পিউটারের মাধ্যমে জানা যাবে দুর্যোগকালীন মুহূর্তে করণীয় বিষয়ও। অডিও ভিজ্যুয়াল তথ্যপ্রবাহ আপনাকে নিয়ে যাবে এক ভিন্ন জগতে। দলবদ্ধভাবে জাদুঘরে এলে ইতিহাস দর্পণকক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।জাদুঘরের দ্বিতল ভবনের নিচতলায় রয়েছে উন্মুক্ত গ্যালারি। এ গ্যালারিতে আছে ঐতিহাসিক যুদ্ধাস্ত্র ও সমরযান। এ ছাড়া এখানে রয়েছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর ব্যবহূত গাড়ি, স্বাধীনতাযুদ্ধে মুক্তিবাহিনী ও পাকিস্তানি বাহিনীর ব্যবহূত কামান ও বিভিন্ন যুদ্ধযান।নিচতলা থেকে সিঁড়ি দিয়ে ওপরের তলায় উঠলেই দেখতে পাওয়া যাবে দুটি বিশাল হলঘর। হলঘর দুটিতে চারটি করে মোট আটটি গ্যালারি রয়েছে। ‘অস্ত্রশস্ত্র’ নামের গ্যালারিতে রয়েছে প্রাচীন যুগের সমরাস্ত্র ও যুগে যুগে অস্ত্রের বিবর্তনের নিদর্শন। প্রাচীন যুগের অস্ত্রের মধ্যে রয়েছে কুঠার, বর্শা, ঢাল, রামদা ইত্যাদি। এ কক্ষে আরও রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন ধরনের বন্দুক, রাইফেল, স্টেনগান, গ্রেনেড প্রভৃতি। সামরিক বাহিনীর পোশাক ও পদক গ্যালারিতে রয়েছে সেনাবাহিনীর বিভিন্ন পদবির সদস্যদের পোশাক ও তিন বাহিনীর ব্যবহূত ব্যাংক, ক্যাপ, ব্যাজ প্রভৃতি।মুক্তিযুদ্ধের সেক্টর ও সেক্টর কমান্ডারদের তৈলচিত্র দেখতে পাবেন ‘মুক্তিযুদ্ধ’ গ্যালারিতে। এ গ্যালারিতে আরও রয়েছে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বর্বরতা। এ ছাড়া আছে মুক্তিযুদ্ধের নানা খণ্ডচিত্র। ‘বিজয়’ গ্যালারিতে গিয়ে দেখা যাবে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দলিলের অনুলিপি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির আত্মসমর্পণ দলিলে সইয়ের মুহূর্তটি একটি বিশাল তৈলচিত্রে উপস্থাপিত হয়েছে। রয়েছে বীরশ্রেষ্ঠদের তৈলচিত্র। তাঁদের বীরত্বগাথা উঠে এসেছে ছবিগুলোয়। দোতলায় একটি পাঠাগারও আছে। এটি মুক্তিযুদ্ধের বইয়ে ঠাসা। যে কেউ এটি ব্যবহার করতে পারেন।বাড়তি পাওয়াসামরিক জাদুঘর চত্বরে রয়েছে ফুটবল খেলার দুটি মাঠ। বাংলাদেশ সামরিক জাদুঘর থেকে পাওয়া তথ্যানুযায়ী, নগরের যেসব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ নেই, তারা নামমাত্র এন্ট্রি ফি দিয়ে এখানে খেলাধুলার আয়োজন করতে পারবে। এ জন্য আগেভাগে সামরিক জাদুঘর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রায়ই নগরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেন বলে জানা গেছে।খেলতে খেলতে কিংবা জাদুঘর ঘুরেফিরে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন, তবে আছে খাওয়াদাওয়ার আয়োজন। এ জন্য যেতে হবে জাদুঘর চত্বরে ঢোকার পর ডান দিকে ‘দ্য এনট্রান্স’ নামে রেস্তোরাঁয়। নিরিবিলি পরিবেশে এখানে খেতে পারবেন ফাস্টফুডের নানা পদ। রয়েছে মিনি চাইনিজের ব্যবস্থা। এখানে ছোটখাটো পার্টিরও আয়োজন করা যায়।যাঁরা যেতে চাননগরের যেকোনো স্থান থেকে ফার্মগেট এলে সহজেই বিজয় সরণির সামরিক জাদুঘরে আসা যায়। আসতে পারেন বাসে কিংবা অন্য কোনো যানে। দল বেঁধে গেলে কর্তৃপক্ষ গাইডের ব্যবস্থা করে দেবে। যাওয়ার আগে সময়সূচি দেখে নিলে ভালো হয়। জাদুঘরটি বুধবার বন্ধ থাকে। অন্যান্য সরকারি ছুটির দিনও বন্ধ থাকে। গ্রীষ্মকালে (মার্চ থেকে অক্টোবর) শনি, রবি, সোম, মঙ্গল ও বৃহস্পতিবার জাদুঘর খোলা থাকে সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত। শুক্রবার বেলা তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত। শীতকালে (নভেম্বর থেকে ফেব্রুয়ারি) শনি, রবি, সোম, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে। অনুসন্ধান: ০১৭৬৯০১৭৫৪২, সেনানিবাস এক্সচেঞ্জ-৮৯৭১২৩৪ (জাদুঘর এক্সটেনশন-৭৫৪২)।