সামরিক জাদুঘরের সামনে ‘ইত্যাদি’
মহান স্বাধীনতার মাসে ইত্যাদি অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে বাংলাদেশ সামরিক জাদুঘর প্রাঙ্গণে। জাদুঘরের সামনে উভচর সামরিক যান, কামানসহ অন্যান্য যুদ্ধাস্ত্র দিয়ে সাজানো হয়েছে মঞ্চ। সঙ্গে ছিল বর্ণিল আলো। বিটিভিতে আজ রাত নয়টায় প্রচারিত হবে এই ম্যাগাজিন অনুষ্ঠান। ইত্যাদি গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।অনুষ্ঠানটির নির্মাতাপ্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন সূত্রে জানা গেছে, এবার ইত্যাদিতে গান গেয়েছেন সাবিনা ইয়াসমীন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান গেয়েছেন ফকির আলমগীর, তিমির নন্দী, শাহীন সামাদ ও বুলবুল মহলানবীশ। মুক্তিযুদ্ধে অনুপ্রেরণাদানকারী কয়েকটি গানের অংশ নিয়ে সমবেত যন্ত্রসংগীত পরিবেশন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর অর্কেস্ট্রা দল। বিদ্রূপাত্মক গান গেয়েছেন অর্জুন ও চান্নু। রয়েছে প্রতিবেদন, তথ্যচিত্র, মামা ভাগনে, নানি-নাতিসহ অন্যান্য নিয়মিত পর্ব ও নাট্যাংশ।