সামরিক দিক দিয়েও চীন এখন পরাশক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি চীন সামরিক খাতে ব্যয় বৃদ্ধি করে চলেছে। এর পাশাপাশি দেশটি বহির্বিশ্বেও সামরিক কার্যক্রম প্রসারিত করে চলেছে। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তরের এক প্রতিবেদনের বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন এ সংবাদ জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালে সামরিক খাতে চীনের মোট ব্যয় ছিল ১৫ হাজার কোটি ডলার, যা ২০০৮ সালের তুলনায় শতকরা সাড়ে সাত ভাগ বেশি। যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর এ প্রতিবেদনটি মার্কিন কংগ্রেসে পাঠিয়েছে বলে জানা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটির সামরিক ব্যয় বৃদ্ধির কিছু কিছু দিক বেশ ইতিবাচক।যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তরের এ প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, চীনের এই সামরিক ব্যয় বৃদ্ধির কারণে বিভিন্ন দেশে শান্তিরক্ষা, মানবকল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামূলক কাজ উপকৃত হবে। তবে এর মাধ্যমে চীন তাদের সামরিক শক্তি বৃদ্ধিরই প্রচেষ্টা চালিয়েছে বলে সেখানে উল্লেখ করা হয়।প্রতিবেদনের এক জায়গায় বলা হয়েছে, চীনের এই সামরিক ব্যয় বৃদ্ধির কেন্দ্রে রয়েছে বিরোধপূর্ণ তাইওয়ান। চীনের সেনাবাহিনী তাইওয়ানে সরাসরি আঘাত হানতে পারে, এমন এক হাজারেরও বেশি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র তারা তৈরি করেছে। চীন ভবিষ্যতেও তাইওয়ানকে লক্ষ্য করে আরও আধুনিক ও শক্তিশালী সামরিক উপকরণ মোতায়েন করতে পারে।তাইওয়ানের পাশাপাশি চীন তার সামরিক শক্তি এডেন উপসাগরে চোরাচালান বন্ধেও কাজে লাগাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়।প্রতিবেদনটিতে বলা হয়েছে, চীন বিভিন্ন ধরনের বিমানবাহী নৌ-বহর তৈরির বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে। এ প্রকল্পটি এ বছরের শেষ নাগাদ শেষ হবে বলে জানা গেছে। এ ছাড়া চীন দ্রুতগতিসম্পন্ন পারমাণবিক সাবমেরিন তৈরির পরিকল্পনাও করেছে।‘চীন কীভাবে এই সামরিক শক্তি ব্যবহার করবে, তা নিয়ে অবশ্য সংশয় থেকেই যাচ্ছে’, প্রতিবেদনটির সমাপ্তি টানা হয়েছে ঠিক এভাবেই। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিসভার আর্মড সার্ভিসেস কমিটির সভাপতি আইক স্কেলেটন মনে করেন, এ ব্যাপারে চীনা সামরিক বাহিনীর একটি জবাবদিহি থাকা দরকার। চীনের তরফ থেকে যদি এ ব্যাপারে স্বচ্ছতা থাকে, তাহলে সমস্যা নেই। স্বচ্ছতা না থাকলেই সমস্যা।