সামরিক বাহিনীতে কর্মকর্তা ও জওয়ানদের মধ্যে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেইন অব কমান্ড বজায় রাখার এবং কর্মকর্তা ও জওয়ানদের মধ্যে সম্পর্ক উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সেনাবাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, অধস্তনদের দিকে কমান্ডারদের অবশ্যই নজর রাখতে হবে, যা চেইন অব কমান্ড প্রতিষ্ঠায় সহায়ক। এ ছাড়া এ কারণে অধস্তনরাও সিনিয়র কর্মকর্তাদের আদেশ অবশ্যই মেনে চলবে।আজ রোববার সেনা সদর দপ্তরে সেনাবাহিনীর ‘ফর্মেশন কমান্ডারস কনফারেন্সে’ দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।কর্মকর্তা ও জওয়ানদের মধ্যে আরও মজবুত সম্পর্ক গড়ে তুলতে কর্মকর্তাদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের মধ্যে কোনো ধরনের বৈষম্য সৃষ্টি না হওয়ার বিষয়ে সিনিয়র সব কর্মকর্তাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আবাসন, চিকিত্সাসেবা, খাদ্য, শিক্ষাসহ শৃঙ্খলা ভঙ্গের শাস্তির ক্ষেত্রে এখনো কিছু বৈষম্য বিদ্যমান। তিনি আরও বলেন, এ ধরনের বৈষম্যকে কম গুরুত্ব দেওয়ার পরিবর্তে পরিস্থিতি উন্নয়নে সামরিক বাহিনীকে এ বিষয়ে বিশেষ মনোযোগ দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রশিক্ষণেই সৈনিকদের সেরা কল্যাণ নিহিত’, এ মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীর সব সদস্যকে প্রশিক্ষণ গ্রহণে যথাযথ মনোযোগী হতে হবে। জাতির স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ের মধ্য দিয়ে এ বাহিনীর জন্ম হওয়ায় তিনি সেনা সদস্যদের ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের চেতনায় সামরিক বাহিনী গঠনের নির্দেশ দেন। শেখ হাসিনা বলেন, সেনাবাহিনীর সদস্যরা যেকোনো মূল্যে গণতন্ত্র রক্ষায় অঙ্গীকারবদ্ধ থাকবে। তিনি আইনের শাসন প্রতিষ্ঠা, গণমানুষের কল্যাণ নিশ্চিত, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং সংবিধানের প্রহরী হিসেবে নিশঙ্কচিত্তে কাজ করে যেতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান।—বাসস।