সামরিক বাহিনীর সর্বোচ্চ পদে কিম
উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সর্বোচ্চ মার্শাল পদে দেশটির নেতা কিম জং-উনের নাম ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ আজ বুধবার এ খবর জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।এ পদক্ষেপের মাধ্যমে উত্তর কোরিয়ার তরুণ নেতা কিম জং-উন রাষ্ট্র ও সামরিক বাহিনীর ওপর তাঁর নিয়ন্ত্রণ পাকাপোক্ত করলেন।খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার কিমকে দেশটির সামরিক বাহিনীর সর্বোচ্চ পদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিন হেয়ং ইয়ং চোলকে ভাইস মার্শাল পদে উন্নীত করে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।এর এক দিন আগে রি ইয়ং-হোকে সেনাপ্রধানসহ সব ধরনের সরকারি পদ থেকে অপসারণ করা হয়। ক্ষমতাসীন দল বলেছে, শারীরিক অসুস্থতার কারণে রি ইয়ংকে তাঁর সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।তবে বিবিসি জানিয়েছে, রি ইয়ংকে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে যা বলা হয়েছে, তা নিয়ে অনেকের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে।বিশ্লেষকেরা বলেন, সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার বিষয়টি উত্তর কোরিয়ার বাইরের জনগণের মধ্যেও বিস্ময়ের সৃষ্টি করেছে। উত্তর কোরীয় নেতা কিম জং-ইলের মৃত্যুর পর তাঁর ছেলে ও দেশটির বর্তমান নেতা কিম জং-উনের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে বিদায়ী সেনাপ্রধান রি ইয়ং-হোর বিশেষ ভূমিকা ছিল বলে মনে করা হয়।