সামরিক মহড়া শুরু করছে দক্ষিণ কোরিয়া
উত্তর কোরিয়ার প্রকাশ্য হুমকি সত্ত্বেও প্রতিবেশী দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সীমান্তবর্তী একটি দ্বীপে সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। আজ সোমবার যেকোনো সময় এ মহড়া শুরু হবে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা।এদিকে চলমান সংকট মোকাবিলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ডাকা জরুরি সভা কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি সুরকিন বলেন, ‘এ ধরনের সামরিক মহড়া না হওয়াটাই সবচেয়ে ভালো।’ তিনি জানান, নিরাপত্তা পরিষদ এ ব্যাপারে কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি। তবে সমস্যা সমাধানে শক্তিধর দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।আট ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই সভায় নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে মতদ্বৈধতা দেখা দেয়। সভায় চীন ও রাশিয়া সামরিক মহড়া বন্ধের পক্ষে মতামত ব্যক্ত করলেও যুক্তরাষ্ট্র একে ‘উত্তর কোরিয়ার উসকানির বিপক্ষে যথাযথ প্রস্তুতি’ বলে অভিহিত করেছে।অন্যদিকে চলমান পরিস্থিতিতে হতাশা ব্যক্ত করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস। তিনি বলেন, ‘যে বিভেদ দেখা দিয়েছে, তাতে সমাধানের সম্ভাবনা ক্ষীণ বলে মনে হচ্ছে।’ বিবিসি।