সামরিক শাসন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সামরিক শাসন গণতান্ত্রিক সাংবিধানিক অগ্রযাত্রাকে ব্যাহত করে। আজ মঙ্গলবার বিকেলে সংবিধানের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রাখতে ভারত, পাকিস্তান ও বাংলাদেশে সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে আয়োজিত এক বক্তৃতায় এ কথা বলেন তিনি।শফিক আহমেদ বলেন, তিনটি ঐতিহাসিক রায় দিয়ে সুপ্রিম কোর্ট সংবিধানের শ্রেষ্ঠত্ব (৭ অনুচ্ছেদ) পুনর্ব্যক্ত করেছেন। এ ছাড়া দেশের সংবিধান সম্পর্কে জানতে এবং তা যেন লঙ্ঘিত না হয়, সে জন্য সচেতন থাকতে জনগণের প্রতি আহ্বান জানান। এশিয়াটিক সোসাইটি ওই বক্তৃতার আয়োজন করে।সুপ্রিম কোর্টের একাধিক রায় তুলে ধরে শফিক আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর ১৯৭২ সালে দেশের সংবিধান গৃহীত ও কার্যকর হয়। বিচারপতি সায়েম ও জিয়াউর রহমানের সামরিক শাসনামলে সামরিক ফরমান দিয়ে মূল সংবিধানের রাষ্ট্রপরিচালনার মূলনীতিসহ বিভিন্ন পরিবর্তন করা হয়। সামরিক আইন প্রত্যাহারের পর দ্বিতীয় সংসদে পঞ্চম সংশোধনীর দ্বারা এসব পরিবর্তনকে বৈধতা দেওয়া হয়। তা উচ্চ আদালতে চ্যালেঞ্জ হয়। হাইকোর্ট এবং পরে আপিল বিভাগ সংবিধান পরিপন্থী বলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সামরিক ফরমান দিয়ে অসাংবিধানিকভাবে সংবিধানের পরিবর্তনসহ কার্যক্রমকে অবৈধ ও বাতিল ঘোষণা করেন।শফিক আহমেদ আরও বলেন, ১৯৮২ সালের ২৪ মার্চ দেশে সামরিক শাসন জারি হয়। ১৯৮৬ সালে তৃতীয় সংসদ সপ্তম সংশোধনীর মাধ্যমে সামরিক শাসনকে বৈধতা দেয়। ওই সংশোধনী উচ্চ আদালতে চ্যালেঞ্জ হলে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে হাইকোর্ট তা বাতিল ঘোষণা করেন। ১৯৯৬ সালে মূল সংবিধানে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান অন্তর্ভুক্ত করা হয়। এ সংশোধনীও চ্যালেঞ্জের মুখোমুখি হয়। সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্রপরিচালনার মূলনীতিতে গণতন্ত্রের কথা আছে। যার অর্থ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সরকার পরিচালিত হবে। এ বিবেচনায় উচ্চ আদালত ত্রয়োদশ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেয়।‘অধ্যাপক মাহফুজা খানম এবং ব্যারিস্টার শফিক আহমেদ ট্রাস্ট ফান্ড লেকচার-২০১১’ বক্তৃতায় আইনমন্ত্রী তাঁর বক্তব্যে ভারত ও পাকিস্তানে সংবিধানের প্রাধান্য বজায় রাখতে সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের কথাও তুলে ধরেন। সূচনা বক্তব্যে ট্রাস্ট ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অধ্যাপক আহমেদ এ জামাল অধ্যাপক মাহফুজা খানম ও আইনমন্ত্রী বর্ণময় জীবন তুলে ধরেন।অধ্যাপক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফুজা খানম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারপতিও উপস্থিত ছিলেন।