সামরিক হস্তক্ষেপের আশঙ্কা নেই: বিবিসি সংলাপে বক্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যমান পরিস্থিতিতে দেশের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের কোনো আশঙ্কা নেই বলে অভিমত দিয়েছেন বিবিসি বাংলাদেশ আয়োজিত সংলাপে অংশগ্রহণকারী আলোচকেরা। রাজধানীর বিয়াম মিলনায়তনে আজ শনিবার সন্ধ্যায় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট এই সংলাপের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক আকবর হোসেন বলেন, দেশ এখন উত্তাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সামরিক হস্তক্ষেপের আশঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক সেনা কর্মকর্তা আমিন আহমেদ চৌধুরী বলেন, ‘সরকার যখন ব্যর্থ হয়, কেবল তখনই সামরিক হস্তক্ষেপের প্রশ্ন আসে। সরকার যদি বর্তমান পরিস্থিতি শক্ত হাতে মোকাবিলা করতে পারে, সে ক্ষেত্রে সামরিক হস্তক্ষেপের সুযোগ নেই।’ তিনি বলেন, ‘এক-এগারো সৃষ্টি হয়েছিল আওয়ামী লীগ ও বিএনপির বিরোধকে কেন্দ্র করে। বর্তমানে যে অবস্থা তাতে একদিকে জনগণ, অন্যদিকে যুদ্ধাপরাধী। সুতরাং শাহবাগে তরুণ প্রজন্মের জাগরণকে কেন্দ্র করে সামরিক হস্তক্ষেপের কোনো কারণ নেই।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমি উদ্বিগ্ন। সরকার যদি তত্ত্বাবধায়কব্যবস্থা ফিরিয়ে এনে নির্বাচন না দেয়, তাতে দেশের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ হতে পারে।’ তবে সামরিক হস্তক্ষেপের আশঙ্কা নাকচ করে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা বলেন, ‘সামরিক বাহিনী কখনোই শাহবাগের আন্দোলনকে নিজেদের প্রতিপক্ষ বানাবে না।’গত কয়েক দিনে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ৪০ জনের বেশি মানুষের প্রাণ হারানোর ঘটনাকে গণহত্যা হিসেবে অভিহিত করা যায় কি না, এমন প্রশ্নের জবাবে মোশাহিদা সুলতানা বলেন, ‘পুলিশের সঙ্গে দাঙ্গায় কিছু তরুণ মারা গেছেন। এটা কারও কাম্য নয়। তবে এটাকে গণহত্যার সংজ্ঞায় ফেলা যাবে না। বরং মানবতাবিরোধী অপরাধের বিচারকে বানচাল করার জন্যই জামায়াত-শিবির শাহবাগের আন্দোলনকে আস্তিকতা আর নাস্তিকতার প্রশ্নে ঘোরানোর চেষ্টা করছে। সংখ্যালঘুদের বাড়িতে, মন্দিরে হামলা করছে।’ এর আগে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গত কয়েক দিনের হতাহতের ঘটনাকে গণহত্যা বলে অভিহিত করেছিলেন।আমির হোসেন আমু বলেন, ‘জামায়াত কিছুদিন থেকেই পুলিশের ওপর অতর্কিতে হামলা চালাচ্ছে। এভাবে তো চলতে পারে না। বাধ্য হয়েই তারা যেটুকু করার দরকার, তা করছে।’ এ বিষয়ে ভিন্নমত পোষণ করে রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘এক দিনে ৭০ জনকে হত্যা করা হয়েছে। এটা গণহত্যা না তো কী? আত্মরক্ষা এবং বিভিন্ন জায়গায় জামায়াত-শিবিরের কর্মীদের ওপর হামলা হয়েছে বলেই তাঁরা পুলিশের ওপর হামলা করছে। পবিত্র কোরআনে সুস্পষ্ট বলা আছে, কোনো ব্যক্তির ভাইকে কেউ হত্যা করলে হত্যাকারীকে হত্যা করার অধিকার সেই ব্যক্তির আছে।’শাহবাগের সমাবেশকে কেন পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে? এক দর্শকের এই প্রশ্নে আমির হোসেন আমু বলেন, ‘শাহবাগে লক্ষ লোকের সমাবেশ। তারা তো কারও ওপর হামলা করছে না। সেখানে যদি জামায়াত-শিবির হামলা করে, তাতে বহু লোকের প্রাণহানি ঘটবে। সে জন্যই নিরাপত্তা দেওয়া হচ্ছে।’ আমিন আহমেদ চৌধুরী বলেন, ‘এই আন্দোলন বঙ্গোপসাগরের নিম্নচাপের মতো। কোন দিকে যাবে, বলা যায় না। শাহবাগে যদি কোনো ধরনের হামলা হয়, তাতে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে। এই জামায়াত ছায়ানটের অনুষ্ঠানে হামলা করে মানুষ হত্যা করেছিল। তারা শাহবাগেও হামলা করতে পারে। সুতরাং এসব জালেমদের বিরুদ্ধে সরকারকে শক্ত হাতে ব্যবস্থা নিতে হবে।’ দুই নেত্রী কেন একসঙ্গে বসতে পারেন না, এমন এক প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘আমরা চাই দুই নেত্রী একসঙ্গে বসুক।’ আমির হোসেন আমু বলেন, ‘আমরা তো বিএনপিকে সংসদে গিয়ে কথা বলতে বলেছি। সংসদে গেলে সমস্যার সমাধান হবে।’