সামর্থ্য অনুযায়ী বেতন বাড়াবে কারখানাগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার শিল্পাঞ্চলের কারখানাগুলো তাদের সামর্থ্য অনুযায়ী শ্রমিকদের বেতন বাড়াবে। শ্রমিকদের বিভিন্ন দাবিও পূরণ করা হবে। আজ বৃহস্পতিবার ঢাকার অদূরে আশুলিয়ার পরিস্থিতি পরিদর্শন গিয়ে মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।তাঁর এ আশ্বাসের পর আশুলিয়ার পরিস্থিতি শান্ত হয়ে আসছে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সংকট সমাধানে আমরা দ্রুত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব। শিল্পাঞ্চলের বাড়ির মালিকেরা যাতে যখন-তখন বাড়ি ভাড়া না বাড়ায়, সে দিকে স্থানীয় সাংসদ ও প্রশাসনকে দৃষ্টি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানকে আহত শ্রমিকদের চিকিত্সার ব্যবস্থা নিতে বলা হয়েছে।’স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কোনো পক্ষ থেকে উসকানি দেওয়া হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।শ্রমিকদের উদ্দেশে শামসুল হক টুকু বলেন, ‘আপনারা শান্ত থাকুন। কোনো ধ্বংসাত্মক কাজে যুক্ত হবেন না।’বেতন বাড়ানোর দাবিতে আজ চতুর্থ দিনের মতো আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ হয়। সকাল থেকে শ্রমিক-পুলিশের মধ্যে চলে সংঘর্ষ। এ সময় বেশ কিছু দোকানপাট ও ২০-২৫টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। ছুটি ঘোষণা করা হয়েছে প্রায় ২০০টি পোশাক-কারখানায়।পরিস্থিতি স্বাভাবিক করতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সকাল সাড়ে নয়টার দিকে সাভারে হা-মীম গ্রুপের পোশাক-কারখানায় যান। তিনি আইন নিজের হাতে তুলে না নিতে শ্রমিকদের আহ্বান জানান।সাভারে হা-মীম গ্রুপের পোশাক-কারখানায় মূল ভবনের সামনে শ্রমিকদের উদ্দেশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। আমি প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে আপনাদের মধ্যে এসেছি। প্রধানমন্ত্রী আমাকে পাঠিয়েছেন। আপনারা শান্ত হোন।’প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু হা-মীম গ্রুপের শ্রমিকদের বেতন বাড়ালে হবে না। এখানে প্রায় সাড়ে ৩০০ তৈরি পোশাক-কারখানা আছে। বেতন বাড়াতে হলে সব কারখানার শ্রমিকদের বেতন বাড়াতে হবে। এ জন্য কারখানার মালিক, শ্রমিক, বিজিএমইএ, পুলিশ—সব পক্ষের সঙ্গে আলোচনা করে তার পরই বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে। বক্তব্য শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হা-মীম গ্রুপের কারখানার বিভিন্ন তলায় গিয়ে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, সকাল সাড়ে সাতটার দিকে শ্রমিকেরা কর্মস্থলে গিয়ে হাজিরা দিয়ে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে নেমে আসেন। এরপর তাঁরা বিভিন্ন দলে ভাগ হয়ে মিছিল করতে থাকেন। ইট-পাটকেল ছুড়ে ও লাঠিসোঁটা নিয়ে তাঁরা আশপাশের দোকান ও গাড়ি ভাঙচুর করেন। বাধা দিতে গেলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। সকাল পৌনে ১০টার দিকে পরিস্থিতি শান্ত হয়ে এলেও শ্রমিকেরা বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।এদিকে সকাল সোয়া ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত শ্রমিকেরা কালিয়াকৈর-নবীনগর সড়কের আশপাশের বেশকিছু দোকান-পাট ও ২০-২৫টির মতো গাড়ি ভাঙচুর করেন। এ সময় পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসে প্রায় অর্ধশত শ্রমিক আহত হন। পরিস্থিতি শান্ত করতে পুলিশ কালিয়াকৈর-নবীনগর সড়কে ওই সময় যান চলাচল বন্ধ করে দেয়। পরে আবার যান চলাচল শুরু হয়।