সামাজিক অস্থিরতায় বিপন্ন শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি বুধবার রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চাইল্ড গাইডেন্স ক্লিনিকে ৫০টির মতো শিশু আসে। তাদের একেকজনের একেক সমস্যা থাকলেও একটা বড় অংশ ভুগছে আচরণগত সমস্যায়। চিকিৎসকেরা জানান, সামাজিক অস্থিরতার কারণে শিশুদের মধ্যে সহিংসতা, ক্রোধ, বেপরোয়া ভাবসহ নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। বাড়ছে শিশু নির্যাতনের ঘটনাও।ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক দিলরুবা আফরোজ প্রথম আলোকে বলেন, মা-বাবার মধ্যকার সম্পর্ক, সন্তান নিয়ে অভিভাবকদের উচ্চাকাঙ্ক্ষা, পড়াশোনার চাপ, দলগত খেলাধুলার সুযোগ না থাকা ইত্যাদি কারণে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তিনি আরও বলেন, তাঁর অধীনে স্নাতকোত্তর পর্যায়ে একজন ছাত্রী ২০০ শিশুর ওপর গবেষণা করেন। দেখা গেছে, যেসব শিশু খেলাধুলার সুযোগ পায় না, তারা বিষণ্নতায় ভোগে এবং যারা ভিডিও গেমস খেলে সময় কাটায়, তাদের মধ্যে বেপরোয়া ভাব (অ্যাগ্রেশন) বেশি।জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট গত বছর শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করে, তাতে দেখা গেছে, দেশের ১৫ দশমিক ২ শতাংশ শিশু মনস্তাত্ত্বিক সমস্যায় (সাইকিয়াট্রিক ডিজঅর্ডার) ভুগছে। ইনস্টিটিউট আক্রান্ত শিশুদের উপসর্গগুলোকে বেশ কয়েকটি ভাগে ভাগ করে। যেমন—অতি চঞ্চল অমনোযোগী শিশু, অটিজম, বুদ্ধিপ্রতিবন্ধী, হিস্টিরিয়া, স্কুলভীতি, শুচিবাই, অনাকাঙ্ক্ষিত আচরণ ইত্যাদি।বিশেষজ্ঞরা বলেন, সামাজিক অস্থিরতার চাপ শিশুর ওপর পড়তে শুরু করে গর্ভকালীন সময় থেকেই। গত আগস্ট মাসের শেষ দিকে সুইডেনের ক্যারোলিন্সকা বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল এবং ব্র্যাকের যৌথ উদ্যোগে বাংলাদেশে পরিচালিত এক জরিপে দেখা গেছে, গর্ভবতী মায়েরা উদ্বেগ, বিষণ্নতায় ভোগার কারণে কম ওজনের শিশু জন্ম দেন। বাবার বিষণ্নতার কারণে বিশেষত ছেলেশিশুর ওপর ব্যাপক প্রভাব পড়ে বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আরেকটি গবেষণায় দাবি করা হয়েছে।কয়েকটি ঘটনা: গত ২৩ মার্চ চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর মেধাবী ছাত্র সৌমেন সমবয়সী কিছু ছেলের ছুরিকাঘাতে নিহত হয়। ঠিক ২৪ ঘণ্টার ব্যবধানে সহপাঠীদের হাতে খুন হয় জামালপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র স্বাধীন। ২৬ মার্চ পিরোজপুরের নাজিরপুরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী লিমা মল্লিককে জবাই করেন তার গৃহশিক্ষক অহিদুল। ঘটনার পর অহিদুল নিজেও বিষ খেয়ে আত্মহত্যা করেন।মনোরোগ চিকিৎসক মোহিত কামাল প্রথম আলোকে বলেন, পারিবারিক, সামাজিক, বিদ্যালয়ের পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে নিজেকে নিয়ন্ত্রণের ক্ষমতা গড়ে ওঠে। পরিবারের মমতা ভালোবাসা, সুখ-শান্তি, সৌহার্দ্য, মা-বাবার মধ্যকার সম্পর্ক শিশুর মানসিক বিকাশকে সুগঠিত করে। যারা সহিংস ঘটনা ঘটাচ্ছে, তাদের অন্যকে জখম বা ক্ষতি করার তাড়নার পেছনে থাকে কোন না-কোন ঘটনা। এসব ঘটনা শিশুকে কখনো কখনো সহিংসতার ইন্ধন জোগায়, তাদের মধ্যে দ্বন্দ্ব-হতাশার জন্ম দেয়। অনেক সময় অন্যের সহিংসতা দেখেও শিশুরা শেখে। সমাজে সহিংস ব্যক্তিরা যখন ক্ষমতার দাপট দেখিয়ে ঘুরে বেড়ায়, পুরস্কৃত হয়, তখন শিশুরাও ওই ব্যক্তিকে অনুকরণ করতে শুরু করে।মনোবিজ্ঞানীরা বলছেন, যেসব শিশু সহিংস ও উন্মত্ত আচরণ করছে, তাদের মধ্যে পরবর্তী সময়ে কিছু লক্ষণ দেখা যায়। এগুলো হলো অন্যদের উপহাস করা, তুচ্ছতাচ্ছিল্য করা, হুমকি দেওয়া বা আতঙ্কিত করার চেষ্টা করা, হঠাৎ করে মারামারিতে জড়িয়ে পড়া, মারামারির জন্য মারাত্মক অস্ত্র ব্যবহার করা, পশু-পাখির ওপর নির্দয় হওয়া, মিথ্যা বলা, চুরি করা, যৌন হয়রানি করা, প্রায়ই স্কুল পালানো ইত্যাদি।মানসিক চাপ থেকে সৃষ্টি হচ্ছে শারীরিক রোগও: যাত্রাবাড়ীর চতুর্থ শ্রেণীর এক ছাত্র জানায়, বেশ কিছুদিন ধরে তার খুব কাশি হচ্ছে, সেই সঙ্গে শ্বাসকষ্ট। শিশুটিকে প্রথমে একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যান তার মা-বাবা। সবকিছু দেখে তিনি শিশুটিকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠান। শিশুটির যে রোগ ধরা পড়ে, তাকে মনোরোগ চিকিৎসকেরা নাম দিয়েছেন ‘সাইকোজেনিক কফ’। জানা যায়, শিশুটি পরীক্ষায় কোনো বিষয়ে ৮০-এর কম নম্বর পেলে শিক্ষক তাকে বেধড়ক পেটান। চিকিৎসকেরা জানান, স্কুলভীতি, পরীক্ষাভীতির কারণে অনেক শিশুর মধ্যেই দেখা দিচ্ছে এ ধরনের উপসর্গ।নির্যাতনের ক্ষতি হয় স্থায়ী: জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চাইল্ড, অ্যাডোলেসেন্ট অ্যান্ড ফ্যামিলি সাইকিয়াট্রিক বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফারুক আলম বলেন, শারীরিক, মানসিক, যৌন নির্যাতন ও শিশুর প্রতি অবহেলা মোটাদাগে শিশুর ওপর প্রত্যক্ষ প্রভাব ফেলে। বেশির ভাগ সময়ই নির্যাতনের শিকার শিশুদের চিকিৎসকের কাছে নিতে দেরি করেন অভিভাবকেরা। এতে শিশুর সমস্যা প্রকট হয়। যৌন নির্যাতনের শিকার শিশুদের অবস্থা সবচেয়ে করুণ। প্রায়ই দেখা যায়, পরিবারের নিকটাত্মীয়দের কাছ থেকেই শিশুরা যৌন নির্যাতনের শিকার হয়। নির্যাতিত হলে শিশুরা বিষয়টি লুকিয়ে রাখে, অজানা কারণে, মানসিক কারণে শিশুরা অসুস্থ হয়ে পড়ে। বাড়ি থেকে বের হয়ে যাওয়া, আত্মহত্যার প্রবণতা, হীনম্মন্যতা, অবিশ্বাস, স্থায়ী সম্পর্ক তৈরিতে অক্ষমতা ইত্যাদি লক্ষণ দেখা দেয় শিশুদের মধ্যে।এ ছাড়াও অপেক্ষাকৃত দুর্বল শিশুদের অনেক সময় উত্ত্যক্ত করে সহপাঠীরা, তাদের অন্যের সামনে হেয় করে, বোকা বানিয়ে মজা পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, ১১ বছর বয়সী শিশুদের মধ্যে অন্যকে উত্ত্যক্ত করার প্রবণতা বেশি। যারা ঠাট্টার শিকার হয়, তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়, তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, ক্ষুধা কমে, স্কুল সম্পর্কে ভীতি জন্মায়।দায়ী অর্থনৈতিক অবস্থাও: বাংলাদেশের শিশুদের মানসিক স্বাস্থ্য বাধাগ্রস্ত হওয়ার অন্যতম কারণ দারিদ্র্য বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইউনিসেফের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশে বর্তমানে দরিদ্র শিশুর সংখ্যা তিন কোটির ওপর।বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথের নির্বাচিত সভাপতি শামীম মতিন চৌধুরী বলেন, দারিদ্র্যের সঙ্গে মানসিক স্বাস্থ্যের নিবিড় ও প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। দরিদ্র পরিবারে শিশুরা যা চায়, তার অনেকটুকুই পরিবার মেটাতে পারে না। ফলে শিশুর মধ্যে হীনম্মন্যতা সৃষ্টি হয়। এই হীনম্মন্যতা থেকে শিশুর মধ্যে হিংসা, দ্বেষ, ক্ষোভ জন্মায়, তারা প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় ও জার্নাল অব হেলথ অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ারের বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, মানসিকভাবে এই শিশুদের মধ্যে বিষণ্নতার হার অনেক বেশি এবং অনেক ক্ষেত্রেই এই বিষণ্নতার বহিঃপ্রকাশ ঘটে সমাজবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার মধ্য দিয়ে।