সামাজিক দায়বদ্ধতার দন্ত-সেবা
তাঁরা সবাই দাঁতের চিকিত্সক। স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে পাস করে চিকিত্সক হয়ে তাঁরা কেউই সামাজিক দায়বদ্ধতাকে দূরে সরিয়ে রাখেননি। সামাজিকভাবে তাঁরা সবাই দায়বদ্ধ বলেই স্বল্প আয়ের মানুষ ও অপেক্ষাকৃত দরিদ্র জনগোষ্ঠীর দন্ত-সেবার জন্য স্ব-উদ্যোগী হয়ে গড়ে তুলেছেন একটি বেসরকারি প্রতিষ্ঠান। ‘সোসাইটি ফর এনভায়রনমেন্ট হেলথ এডুকেশন’ (সেবা) নামের এই প্রতিষ্ঠানটি স্বল্প আয়ের মানুষের জন্য গড়ে তুলেছে বিনা মূল্যে দন্ত চিকিত্সার ব্যবস্থা। এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত প্রত্যেক চিকিত্সক সপ্তাহে দুদিন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দরিদ্র মানুষের দাঁতের চিকিত্সা করে থাকেন। দিয়ে থাকেন বিভিন্ন পরামর্শ। সামাজিক দায়বদ্ধতার এই অপূর্ব উদাহরণ সৃষ্টি করা বেসরকারি সংগঠন সোসাইটি ফর এনভায়রনমেন্ট হেলথ এডুকেশনের চিকিত্সকেরা আজ রোববার ঘুরে গেলেন প্রথম আলো কার্যালয়ে। দিনব্যাপী দন্ত-সেবা ক্যাম্পের মাধ্যমে তাঁরা জানিয়ে গেলেন নিজেদের সামাজিক দায়বদ্ধতার ব্যাপারগুলো।এই সংগঠনের অন্যতম সদস্য রাহুল মিত্রর কাছে জানতে চাওয়া হয়েছিল পুরো বিষয়টি সম্পর্কে। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, যেহেতু দাঁতের চিকিত্সা অন্যান্য চিকিত্সার তুলনায় বেশি খরচ সাপেক্ষ, তাই স্বল্প আয়ের মানুষেরা পারতপক্ষে দাঁতের চিকিত্সা করান না। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বিনা মূল্যে মূলত দরিদ্রদেরই দাঁতের চিকিত্সা করে থাকি। তিনি আরও বলেন, এ পর্যন্ত সোসাইটি ফর এনভায়রনমেন্ট হেলথ এডুকেশন ৩১ হাজারের বেশি পোশাকশ্রমিকের কাছে দন্ত-সেবা পৌঁছে দিয়েছে। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত পাঁচ হাজারের বেশি শিশু ও প্রায় সাত হাজার বস্তিবাসী আমাদের সংগঠনের মাধ্যমে এই সেবার আওতায় এসেছে।রাহুল মিত্র বলেন, প্রতিটি ক্যাম্পেই আমরা মানুষকে বিনা মূল্যে দাঁতের চিকিত্সা দিয়ে থাকি। প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করি। অপেক্ষাকৃত গুরুতর রোগীকে আমরা নিজেদের ক্লিনিকে আসতে বলি, সেখানে বিনা মূল্যে তাদের চিকিত্সা করা হয়। এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদনে তাঁরা এখনো কারও কাছ থেকে আর্থিক সহায়তা পাননি বলে জানান। তিনি বলেন, সম্পূর্ণ নিজেদের খরচে ও উদ্যোগে আমরা এ সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ৩০ জনের মতো ডেন্টাল সার্জন এই সংগঠনের সঙ্গে জড়িত বলে জানালেন রাহুল মিত্র।প্রথম আলোয় এই সংগঠনের আজকের দন্ত-সেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন ছয়জন দন্তচিকিত্সক। তাঁরা হলেন, রাহুল মিত্র, বিনয় দাস, কারিসমা শারমীন হক, রাশেদুল হাসান, কামরুন্নাহার ও রাজিয়া সুলতানা। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন খান ও সহকারী সচিব প্রীভেল পাল।