২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে উন্নয়ন ও অনোন্নয়ন মিলিয়ে ১১ হাজার ৫৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে দেওয়া তাঁর বাজেট বক্তৃতায় দেশের দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক অবস্থার উন্নয়নে সামাজিক নিরাপত্তা খাতে এই বরাদ্দের প্রস্তাব করেন।২০১০-১১ অর্থবছরের বাজেটে এই খাতে নয় হাজার ৬৭৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। গত অর্থবছরের সংশোধিত বাজেটে এই খাতে ১০ হাজার ৪২৬ কোটি টাকা বরাদ্দ করা হয়।বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, দেশের দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক অবস্থার উন্নয়নে সামাজিক নিরাপত্তা-কর্মসূচির পরিধি বাড়ানো হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি নতুন কর্মসূচিও নেওয়া হয়েছে। নতুন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন, ঘরে ফেরা কর্মসূচি চালুকরণ, প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র এবং শিশুবিকাশ কেন্দ্র স্থাপন, মুক্তিযোদ্ধাদের রেশন প্রদান, মুক্তিযোদ্ধা সম্মানী-ভাতা বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তাবেষ্টনীতে বিদ্যমান ভাতার হার ও বেশ কিছু কর্মসূচিতে উপকার-ভোগীর সংখ্যা বাড়ানো।প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জন্য দুই হাজার ৩৯ কোটি টাকা, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জন্য এক হাজার ২৩৬ কোটি টাকা, খাদ্য বিভাগের জন্য এক হাজার ৩৬০ কোটি টাকা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের জন্য পাঁচ হাজার ৭২৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বাসস।