সামাজিক ব্যবসার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব: ইউনূস
শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র্য বিমোচন থেকে শুরু করে প্রায় সব সমস্যার সমাধান করা সম্ভব। তিনি বলেন, পৃথিবীর সময় বিবর্তনে যখন অন্যান্য অর্থনৈতিক সমাধানগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে, তখন সামাজিক ব্যবসা এসব সমস্যার সমাধান হিসেবে কাজ করছে।আজ শনিবার ইউনূস সেন্টারের বোর্ড রুমে এক রচনা প্রতিযোগিতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূস বলেন, উন্নত বিশ্বে অর্থনৈতিক থেকে রাজনৈতিক সমস্যার সমাধানে সামাজিক ব্যবসার সমাধানগুলো প্রমাণ দিচ্ছে, এটি দিয়ে সুষ্ঠু সমাধান সম্ভব।রচনা প্রতিযোগিতায় মনিকা আসলাম ও জান্নাতুল হাবিব এই দুজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাদের ভিয়েনা নিয়ে যাওয়া হবে। ভিয়েনায় ১০ থেকে ১২ নভেম্বর গ্লোবাল সোশ্যাল বিজনেস সামিট অনুষ্ঠিত হওয়ার কথা। প্রতিযোগী দুজনের খরচ বাংলাদেশ ইউনূস সেন্টার থেকে দেওয়া হবে।