সামাজিক যোগাযোগের মাধ্যম পর্যবেক্ষণে প্রযুক্তি বসাবে সরকার
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে যেন আপত্তিকর বিষয়গুলো দেখা না যায়, তা নিশ্চিত করতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করবে সরকার।আজ রোববার তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মন্ত্রীর দাবি, এ প্রযুক্তি চালুর পর ফেসবুকের আপত্তিকর বিষয় বাদ দেওয়া সহজ হবে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বন্ধ করার প্রয়োজন হবে না।কক্সবাজারের রামুর ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি সম্প্রতি আদালতে দেওয়া প্রতিবেদনে ফেসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের ওপর পর্যবেক্ষণের সুপারিশ করে। এরপরই সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানালেন তথ্যমন্ত্রী।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, আগামী দুই মাসের মধ্যে সামাজিক যোগাযোগের সাইটগুলোতে আপত্তিকর বিষয়গুলো পর্যবেক্ষণের পর তা আটকানোর প্রযুক্তিগত কাজ শুরু হবে। এরপর বাংলাদেশে বন্ধ রাখা ইউটিউব খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।