সামাজিক যোগাযোগের মাধ্যমে বিপ্লবের বার্তা
বিপ্লবের নতুন এক রূপ দেখছে বিশ্ববাসী। এ বিপ্লবের মহানায়ক আরব তরুণেরা। আর বাহন ‘সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো’।অন্য সব একনায়কের মতোই ছিলেন তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট বেন আলী। রাষ্ট্রের সম্পদ দখল, ভোগ-বিলাসে মেতে ওঠা, ক্ষমতা চিরস্থায়ী করার কু মতলব আঁঁটা—সবই করেছেন তিনি। আর তা সহজে হাসিল করার জন্য সবার আগে কেড়ে নিয়েছিলেন গণমাধ্যমের স্বাধীনতা।গণমাধ্যমের স্বাধীনতা অবশ্য তিউনিসিয়ায় কোনো কালেই ছিল না। ঐতিহাসিকভাবেই তিউনিসিয়ার সরকারগুলো গণমাধ্যম ও জনগণের বাকস্বাধীনতা হরণ করে আসছে। স্বাধীনতার পর থেকেই তিউনিসিয়ায় চলেছে একদলীয় শাসন। ১৯৫৬ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন দেশটির স্বাধীনতা অর্জনের নেতা হাবিব বরগুইবা। ক্ষমতা গ্রহণ করেই প্রেসিডেন্ট বরগুইবা সংবাদপত্রের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে টেলিভিশনকেও এ নিয়ন্ত্রণের আওতায় আনা হয়। ফলে দেশটির গণমাধ্যম সরকারের প্রচারণার হাতিয়ার হয়ে ওঠে।১৯৮৭ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা দখল করেন জয়নাল আবেদিন বেন আলী। ক্ষমতা দখল করে তিনিও গণমাধ্যমের টুঁটি চেপে ধরেন। তারপর কেটে যায় ২৪ বছর। বেন আলীর শাসনামলে গণমাধ্যম ও সরকারের মধ্যকার সম্পর্ক সবচেয়ে তিক্ত হয়। এ সময় তিউনিসিয়ার কয়েকটি পত্রিকা স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করেছিল। তবে বেন আলী সরকারের কঠোর অবস্থানের কারণে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়। সরকারের চাপে এ সময় দেশটির অধিকাংশ পত্রিকাই স্ব-আরোপিত সেন্সরশিপের নীতি অনুসরণ করেছে। বেন আলীর দুর্নীতি, অপশাসনের বিরুদ্ধে তাদের কলম ছিল নীরব, সংবাদের প্রকৃতি ছিল নিরেট সাদামাটা।দেশটির রাষ্ট্রীয় রেডিও-টেলিভিশন ছিল বেন আলীর বিশ্বস্ত প্রচারমাধ্যম। সন্ধ্যার প্রধান খবরের অধিকাংশ সময় জুড়েই থাকত বেন আলীর স্তুতি। বেন আলীকে সুদক্ষ ও জনদরদি রাষ্ট্রনেতা হিসেবে প্রতিষ্ঠা করতে রাষ্ট্রীয় প্রচারমাধ্যমের চেষ্টার ত্রুটি ছিল না। আর বেসরকারি রেডিও-টিভি চ্যানেলগুলো চাইলেও সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারত না। কেননা, অলিখিতভাবেই দেশেটির গণমাধ্যমে সরকারবিরোধী মতামত ও খবর নিষিদ্ধ ছিল। এমনকি বিরোধীদের মতামতও সেখানে ঠাঁই পেত না। কার্যত তিউনিসিয়ার বেসরকারি মাধ্যমগুলোও পরিণত হয়েছিল বেন আলীর ভাবমূর্তি নির্মাণের নির্ভরযোগ্য প্রচার যন্ত্রে। বেন আলী সরকারের অপকর্ম, দুর্নীতি, অপশাসন ও মানবাধিকার লঙ্ঘনের খবর নিয়ে সংবাদ প্রকাশের উদ্যোগ নিয়েছিল কয়েকটি বিদেশি পত্রিকা। কিন্তু সরকারের চাপে শেষ পর্যন্ত সে উদ্যোগও ব্যর্থ হয়। গণমাধ্যমের ওপর সরকারের নিয়ন্ত্রণের কারণে দেশটির জনগণ এত দিন মতামত প্রকাশের মৌলিক অধিকার থেকে চরমভাবে বঞ্চিত হয়েছে। অথচ তিউনিসিয়ার ‘গণমাধ্যম নীতিমালা’র ধারা-১-এ গণমাধ্যম ও জনগণের মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার কথা উল্লেখ রয়েছে।রিপোর্টার্স উইথ আউট বর্ডার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসিয়ার সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা আমলাতান্ত্রিক হয়রানি, পুলিশি নির্যাতন এবং গোয়েন্দা নজরদারির মধ্যে দিন কাটান। প্রকৃতপক্ষে বেন আলীর শাসনামল ছিল গণমাধ্যমের স্বাধীনতা হরণের এক অন্ধকারাচ্ছন্ন অধ্যায়।স্বৈরশাসকেরা তাদের ক্ষমতাকে নিষ্কণ্টক করতে প্রথমেই গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা গেলে জনগণকে সহজেই পোষ মানানো যায়। বিপ্লবের সব পথ রুদ্ধ করা যায়। দুর্ভাগ্য বেন আলীর; গণমাধ্যমকে দাবিয়েও শেষ পর্যন্ত মসনদকে টিকিয়ে রাখতে পারলেন না তিনি। ‘সামাজিক যোগাযোগ মাধ্যম’ তাড়িত গণ-অভ্যুত্থানে উল্টে গেছে তাঁর ২৪ বছরের রাজত্ব। যুগে যুগে অনেক বিপ্লব, অনেক গণজাগরণ দেখেছে এ বিশ্ব। কিন্তু আরব বিশ্বের নতুন এ গণজাগরণ সবাইকেই অবাক করে দিয়েছে।২৬ বছর বয়সী তিউনিসীয় যুবক মুহামেদ বুআজিজির আত্মাহুতির আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে সমগ্র দেশে। মূলধারার গণমাধ্যমকে বুড়ো আঙুল দেখিয়ে, বুআজিজির আত্মাহুতির আগুন জনে জনে ছড়িয়ে দেওয়ার গুরু দায়িত্ব পালন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। ব্লগ, ইউটিউব, ফেসবুক, টুইটার ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যম তিউনিসিয়ার ‘জেসমিন বিপ্লব’-এর খবর প্রচারের শক্তিশালী বাহন হিসেবে কাজ করেছে। বিপ্লবের সময়টিতে সামাজিক মাধ্যমের সেন্সর-বহির্ভূত তথ্য ও ছবিই ছিল আন্তর্জাতিক গণমাধ্যমের খবরের প্রধান উত্স। আর এভাবেই তারা জেসমিন বিপ্লবের ব্যাপারে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল।তিউনিসিয়ার তরুণ প্রজন্ম ব্লগ, ফেসবুক, ইউটিউব ও টুইটারের মাধ্যমে বেন আলীর বিরুদ্ধে বিপ্লবের সংগ্রামী বার্তা ছড়িয়েছে। তিউনিসিয়ার তরুণদের কল্যাণেই ফেসবুকের একেকটি পৃষ্ঠা হয়ে উঠেছিল বিপ্লবের ডিজিটাল মুখপত্র। কী করতে হবে, কোথায়-কখন মিলিত হতে হবে, স্লোগানের ভাষা কী হবে; এর সব কিছুরই নির্দেশনা ছিল ওই ব্লগ, ফেসবুক কিংবা টুইটারে। সামাজিক মাধ্যমই দেশটির বঞ্চিত, নিপীড়িত, ক্ষুব্ধ জনতাকে ঐক্যবদ্ধ করেছে; বিপ্লবের ইস্পাত কঠিন মন্ত্রে উদ্দীপিত করে নামিয়ে এনেছে তিউনিসিয়ার রাজপথে।সরকারবিরোধী এ গণ-আন্দোলনের সময় তিউনিসিয়ার মূলধারার গণমাধ্যম ছিল যথারীতি নিশ্চুপ। প্রথম দিকে জনরোষের বিষয়টি তারা পুরোপুরি চেপে যায়। তবে একপর্যায়ে আন্দোলনের অস্তিত্বের কথা স্বীকার করলেও একে বেআইনি বিক্ষোভ বলে উল্লেখ করে।তিউনিসিয়ার তরুণেরা ইতিহাস সৃষ্টি করেছে। বিশ্ববাসীকে তারা দেখিয়ে দিয়েছে—দিন বদলে গেছে। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেও জনগণকে আর দাবিয়ে রাখা যাবে না। বিকল্প মাধ্যমে বিপ্লবের মন্ত্র ছড়িয়ে অনায়াসেই স্বৈরাচারের পতন ঘটানো যায়। বেন আলীর পতন ও পলায়ন তার এক উজ্জ্বল দৃষ্টান্ত।ক্ষমতা ধরে রাখতে বেন আলী শেষ চেষ্টা করেছেন। ফেসবুক ও টুইটারের কার্যক্রম বাধাগ্রস্ত করতে নানা পদক্ষেপ নিয়েছেন। নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করেছেন ইন্টারনেটের ওপর। কিন্তু তাতে বেন আলীর শেষ রক্ষা হয়নি। বিপ্লবের বিকল্প মঞ্চ সামাজিক মাধ্যম গণ-অভ্যুত্থানে জোয়ার এনেছে। ফুঁসে উঠেছে তিউনিসিয়ার জনতা। লণ্ডভণ্ড করে দিয়েছে বেন আলীর দুই যুগের সিংহাসন।এবার জেসমিন বিপ্লবের মন্ত্র ছড়িয়ে পড়ছে আরবের দেশে দেশে। উত্তাল হয়েছে পিরামিডের দেশ মিসর। স্বৈরাচারী হোসনি মোবারকের পদত্যাগের বিরুদ্ধে মানুষ নেমে এসেছে মিসরের রাজপথে। এখানেও গণজাগরণের বাহন সামাজিক যোগাযোগ মাধ্যম। ভীত-সন্ত্রস্ত হয়ে মোবারক সরকার বন্ধ করে দেয় ইন্টারনেট। সামাজিক মাধ্যমের বিভিন্ন বাহনের ওপর আরোপ করে কঠোর বিধি-নিষেধ। শেষ পর্যন্ত টিকতে পারেননি মোবারক; গণজাগরণের কাছে মাথা নত করে বিদায় নিয়েছেন মিসরের এই একনায়ক।বিক্ষোভ চলছে লিবিয়ায়। লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি নাছোড় বান্দা। ক্ষমতা ছাড়তে নারাজ তিনি। ইন্টারনেটের ওপর আগেই আরোপ করেছেন কড়া বিধি-নিষেধ। আর হুমকি দিয়েছেন গণতন্ত্রকামীদের ধুলায় মিশিয়ে দেবেন।সরকার বিক্ষোভ দানা বেঁধেছে ইয়েমেন, জর্ডান ও সিরিয়ায়। থেমে থেমে বিক্ষোভ হচ্ছে আলজেরিয়া, ওমান, সুদান ও মৌরিতানিয়ায়। স্বৈরশাসকদের ভীত কেঁপে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে তারা আজ মরিয়া। গণতান্ত্রিক আন্দোলনের নতুন যুগের সূত্রপাত ঘটে গেছে। এখন থেকে সামাজিক মাধ্যমেই ছড়াবে গণতান্ত্রিক আন্দোলনের বার্তা। স্বৈরশাসকদের পতন ঘটবে দেশে দেশে। জনগণের নিরঙ্কুশ ইচ্ছার হবে চূড়ান্ত বিজয়। আল-জাজিরা অনলাইন অবলম্বনে