সামাজিক সচেতনতার নাটক ‘টিউমার’
একজন অসৎ ব্যবসায়ী সোনা মিয়া। তার রয়েছে মাছের ব্যবসা। কিন্তু মাছে ফরমালিন মেশান তিনি। একদিন বাসায় তার পুলিশবন্ধুসহ বেশ কয়েকজনকে দাওয়াত করেন। দাওয়াত খেয়ে সবাই পরদিন অসুস্থ হয়ে পড়েন। তারা চিকিৎসকের কাছে ছোটেন। সেখানে তাদের পড়তে হয় আরেক বিড়ম্বনায়। এ নিয়ে অঙ্গীকার নাট্যদলের নতুন নাটক টিউমার-এর কাহিনি এগিয়ে চলে।নিয়মিত প্রযোজনার অংশ হিসেবে অঙ্গীকার নাট্যদল এবার মঞ্চে এনেছে গণসচেতনতামূলক তাদের এই নতুন নাটক। গতকাল বুধবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে এ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয়। উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব ইনামুল হক। এতে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ।নাটকটির কাহিনি সমসাময়িক প্রেক্ষাপট। এতে ইভ টিজিং, মাছে ফরমালিন এবং ফলে ক্ষতিকারক কার্বাইড মেশানোসহ নানা সামাজিক সংকট ও অসংগতি তুলে ধরা হয়েছে। নাটকের একপর্যায়ে দেখা যায়, সোনা মিয়ার বাড়িতে দাওয়াত খেয়ে অসুস্থ অতিথিরা চিকিৎসকের কাছে গেলে তিনি জানান, ফরমালিনযুক্ত মাছ আর কার্বাইড মেশানো ফল খাওয়ায় তাদের এই সমস্যা। চিকিৎসক তাদের রোগ নিরূপণের জন্য বিভিন্ন পরীক্ষা দেন। খরচের কথা শুনে সংজ্ঞা হারান সোনা মিয়া।নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলী নুর, শ্রাবণী, নাহিদ, আসিফ নজরুল, জামির, রূপক প্রমুখ। রচনা ও নির্দেশনায় রাজীব রেজা।গতকাল টিউমার নাটকের উদ্বোধনী মঞ্চায়ন শেষে দলের নিয়মিত প্রযোজনা গালিভারের সফর-এর অষ্টম প্রদর্শনী হয়।নাফিস আহমেদ নদভীর আলোকচিত্র প্রদর্শনীঢাকা আর্ট সেন্টারে চলছে আলোকচিত্রী নাফিস আহমেদ নদভীর একক আলোকচিত্র প্রদর্শনী। ১ অক্টোবর থেকে শুরু হওয়া এ প্রদর্শনীতে ৫৮টি সাদা-কালো ও রঙিন আলোকচিত্র স্থান পেয়েছে। ছবিগুলোর মূল বিষয় ভূদৃশ্য। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ১৯৮২ সালে বিএফএ করা আলোকচিত্রী নাফিস আহমেদ নাদভী ভিন্ন আঙ্গিকে দেখেছেন তাঁর চারপাশ। তাঁর সাদা-কালো ছবিগুলোতে রয়েছে আলোছায়ার নান্দনিক খেলা।৮ অক্টোবর পর্যন্ত চলবে এ প্রদর্শনী।রবির ‘আরতি পোর্টাল’মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড সনাতনধর্মাবলম্বীদের জন্য এবার চালু করেছে ‘আরতি পোর্টাল’। এই পোর্টালে দুর্গাপূজার বিশেষ ফিচার, যেমন—মহালয়া, ঢাকের ধ্বনি, গীতা, রামায়ণের আবৃত্তি ও ভজন পাওয়া যাবে।গতকাল বুধবার রবির পাঠানো সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। রবির এ সেবা ইতিমধ্যে চালু হওয়া ‘ইবাদত’ পোর্টালের বর্ধিত অংশ।বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর কয়েক লাখ বাংলাদেশি দুর্গাপূজা উদ্যাপন করছে। আর এ পূজায় রবির ‘ইন্টারেকটিভ ভয়েস রেসপন্স’ (আইভিআর) প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে আরতি পোর্টাল।সব রবি প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকেরা এ সেবা উপভোগ করতে পারবে। এ জন্য ফোন করতে হবে ৮০৮০৭১ নম্বরে। মিনিটপ্রতি ভ্যাট বাদে ৬৮ পয়সা ও মাসব্যাপী সেবার জন্য ভ্যাট ছাড়া ২০ টাকা খরচ হবে।চে স্মরণ অনুষ্ঠানচে গুয়েভারা স্মরণ অনুষ্ঠান হবে ৮ অক্টোবর শনিবার রবীন্দ্রসরোবর মঞ্চে। চে সংহতি আয়োজিত এই অনুষ্ঠানে থাকবে আলোচনা, আবৃত্তি ও গণসংগীত। অনুষ্ঠানে অংশ নেবেন আহমদ রফিক, আসাদুজ্জামান নূর, সাজ্জাদ শরিফ, জাহীদ রেজা নূর, পারভেজ চৌধুরী এবং উদীচী ও মৃত্তিকার শিল্পীরা।আলীনগরে আনন্দোৎসবকমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, কমলগঞ্জ উপজেলার আলীনগর ১ নম্বর চা-বাগানে আনন্দোৎসব হয়েছে। বুধবার সন্ধ্যায় দুটি পাতা একটি কুঁড়ি সাংস্কৃতিক পরিষদের আয়োজনে স্থানীয় নাচঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে ছিল আলোচনা, কুইজ প্রতিযোগিতা, নৃত্য ও সংগীত।ফরিদপুরে বিশ্ব শিশু সপ্তাহফরিদপুর অফিস জানায়, গত মঙ্গলবার ফরিদপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের কর্মসূচি শুরু হয়েছে। সকালে জেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ।শিশুশিল্পী কানিজ মেহনাজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা শিশুসংগঠক ফাতেমা বেগম। সভা শেষে চিত্রাঙ্কন ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।