সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় নারীর সমান অধিকার নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রধান চাবিকাঠি হচ্ছে নারীর সম-অধিকার নিশ্চিত করা। তিনি আরও বলেছেন, সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় নীতিনির্ধারণী ক্ষেত্রগুলোতে নারীর সমান অধিকার নিশ্চিত করতে হবে। লিঙ্গ সমতা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার পূর্বশর্ত বলেও তিনি মন্তব্য করেছেন। গতকাল বুধবার জাতিসংঘ সদর দপ্তরে সহস্রাব্দ উন্নয়নবিষয়ক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী আরও বলেন, ‘একটি বিষয়ে আমরা একমত যে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য আমাদেরকে দারিদ্র্য বিমোচন, ক্ষুধা, অপুষ্টি বিরুদ্ধে লড়াই করতে হবে ও লিঙ্গ বৈষম্য দূর করতে হবে।’এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে অংশীদারির ভিত্তিতে কাজ করতে হবে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনকে অন্যতম বড় সংকট হিসেবে অভিহিত করেন।সুষম কর্মনীতি প্রণয়নের মাধ্যমে শ্রমবাজারকে নারী-পুরুষ সবার জন্য উন্মুক্ত করার ওপর প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেন।প্রধানমন্ত্রী বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বাড়ানোর ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি মনোযোগী হতে হবে।