সামাজিক সূচকে পিছিয়ে ৬৪ উপজেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা রাঙামাটিতে এখনো ৪০ শতাংশ মানুষের বিশুদ্ধ পানির জোগান নেই। অথচ ঢাকার কাছে গাজীপুরে শতভাগ মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছে। শুধু যে পানির বেলায় জেলা দুটির মধ্যে এমন বৈষম্য, তা নয়। শিক্ষা, মাতৃস্বাস্থ্য, পয়োনিষ্কাশন ব্যবস্থাতেও দেশের ৬৪টি জেলার চিত্র এক রকম নয়। গবেষকেরা মনে করেন, জেলা-উপজেলাগুলোর মধ্যে এসব বৈষম্য দূর করতে না পারলে দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসা যাবে না।এ মাসেই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ‘এ কেস ফর জিওগ্রাফিক টার্গেটিং অব বেসিক সোশ্যাল সার্ভিসেস টু মিটিগেট ইনইকুয়ালিটিস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে। তিন লাখ পরিবারের ওপর জরিপ করে দেশের সাতটি বিভাগের আটটি জেলা ও ৬৪টি উপজেলাকে সবচেয়ে পিছিয়ে থাকা অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়। এর মধ্যে আবার ৪৫টি উপজেলার অবস্থা বেশি খারাপ।নিরাপদ মাতৃত্ব, স্কুলগুলোতে ছাত্রছাত্রীর উপস্থিতির হার, নারীদের মধ্যে শিক্ষার হার এবং বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশনসেবা কত মানুষ পাচ্ছে—তার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে সবচেয়ে ভালো অবস্থানে এবং সবচেয়ে পিছিয়ে থাকা জেলা-উপজেলাগুলোকে। ইউনিসেফের পরিকল্পনা বিভাগের কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, নীতিনির্ধারকেরা যদি পিছিয়ে পড়া অঞ্চলগুলোর দিকে বিশেষ নজর দেন, তাহলে পুরো দেশ একই ভাবে সমৃদ্ধির পথে এগোবে। নইলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী দারিদ্র্যের চক্র থেকে বেরিয়ে আসতে পারবে না। আঞ্চলিক বৈষম্য দূর করে অগ্রগতি অর্জন করতে হলে এক একটি অঞ্চলের যে স্বতন্ত্র সমস্যা আছে, তা খুঁজে দেখার তাগিদ দিয়েছেন দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের অন্যতম রচয়িতা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, সরকার বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে কোনো বিশেষ জেলাকে প্রাধান্য দেয়নি। কিন্তু কিছু আঞ্চলিক সমস্যার জন্য বৈষম্যের সৃষ্টি হচ্ছে। যেমন, সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলায় বিদেশি মুদ্রা আসছে প্রচুর। কিন্তু সমাজ রক্ষণশীল হওয়ায় নারীশিক্ষার হার কম। মঙ্গাপ্রবণ এলাকাগুলো খাদ্য উদ্বৃত্ত অঞ্চল, কিন্তু ভূমিহীন কৃষকের হার বেশি হওয়ায় সেখানে মানুষ খাদ্যাভাবে ভুগছিল। প্রতিটি পিছিয়ে পড়া অঞ্চলের নিজস্ব কিছু অসুবিধা আছে। সবচেয়ে পিছিয়ে পড়া জেলা: বান্দরবান, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কক্সবাজার, খাগড়াছড়ি, নেত্রকোনা, শেরপুর ও ভোলা—এই আটটি জেলা দেশের আর সব জেলাগুলোর তুলনায় উন্নয়নের দিক থেকে পিছিয়ে আছে। কোথাও সুশাসনের অভাব, দুর্নীতি, আবার কোথাও অনুন্নত যোগাযোগব্যবস্থা বাধার সৃষ্টি করেছে। যেসব জেলায় লোকসংখ্যা সবচেয়ে বেশি (যেমন, সিলেট) এবং যেসব এলাকায় জনসংখ্যা সবচেয়ে কম (যেমন, বান্দরবান ও রাঙামাটি), সেসব এলাকা বেশি পিছিয়ে আছে। মাতৃস্বাস্থ্য ও নবজাতক মৃত্যুর হার: সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী (মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে, ২০০৯, বিবিএস, ইউনিসেফ) মাত্র ২০ দশমিক ৫ শতাংশ মা সন্তান জন্ম দেওয়ার সময় চিকিৎসকের সহযোগিতা পান। ৫৮ দশমিক ৪ শতাংশ মা বাড়িতে অদক্ষ ধাত্রী, ১৪ দশমিক ৫ শতাংশ আত্মীয়স্বজন এবং ৩ দশমিক ৮ শতাংশ সেবিকার সহযোগিতায় জন্ম দেন। মাতৃমৃত্যুর হার কমাতে উপযুক্ত চিকিৎসা, সময়মতো জটিলতা নির্ণয় হওয়া এবং সে অনুযায়ী চিকিৎসাসেবা পাওয়ার নিশ্চয়তা থাকার কথা। কিন্তু এই সেবা সারা দেশের মায়েরা সমানভাবে পাচ্ছেন না। প্রতিবেদনে দেখা গেছে, মেহেরপুরে ৬১ শতাংশ মা উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন, কিন্তু বান্দরবানে এই সেবা পান মাত্র ১৩ শতাংশ। সরকার জরুরি প্রসূতিসেবা নিশ্চিত করতে উপজেলা ও জেলা পর্যায়ে মোট ১৯১টি হাসপাতালকে প্রস্তুত করেছে। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের প্রজননস্বাস্থ্য বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, সব জায়গায় সেবা পৌঁছানো যায়নি। যেখানে সুব্যবস্থা আছে সেখানে প্রশিক্ষিত চিকিৎসক নেই। চালু আছে মাত্র ১১৩টি হাসপাতাল। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য পূরণে মাতৃমৃত্যু কমানোর যে লক্ষ্যমাত্রা আছে, আদৌ তা পূরণ হবে কি না, তা নিয়ে সংশয় আছে। প্রজননস্বাস্থ্য বিভাগের কর্মসূচি সমন্বয়ক কাজী হাবিবুর রহমান বলেন, মাতৃমৃত্যুর হার কমাতে না পারলে নবজাতক মৃত্যুর হারও কমানো যাবে না। এদিকে সরকার বিশেষ নজর দিচ্ছে। শিক্ষা: প্রতিবেদনে দেখা যায়, খুলনা বিভাগে শিশুদের বিদ্যালয়ে উপস্থিতির হার সবচেয়ে বেশি, ৮৭ শতাংশ। কিন্তু পিছিয়ে আছে সিলেট বিভাগ, ৭৪ দশমিক ২ শতাংশ। জেলা পর্যায়ে মেহেরপুরে বিদ্যালয়ে উপস্থিতির হার ৯১ শতাংশ, বান্দরবানে ৬০ দশমিক ৬ শতাংশ। মাধ্যমিক স্তরে বিদ্যালয়ে উপস্থিতির হারে ঝালকাঠি ও পিরোজপুর এগিয়ে রয়েছে। এ দুটি জেলার ৬৪ শতাংশ শিশু নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে। কিন্তু পিছিয়ে আছে নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর, ভোলা, বান্দরবান ও কক্সবাজার। এই জেলাগুলোয় বিদ্যালয়ে উপস্থিতির হার ২৮ থেকে ৪০ শতাংশ। নারী (১৫-২৪ বছর) শিক্ষার হারের দিক থেকে আবার এগিয়ে আছে গাজীপুর, ঢাকা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, ফেনী ও চট্টগ্রাম। এখানে নারীদের মধ্যে শিক্ষার হার ৬২ শতাংশ। এদিক থেকেও পিছিয়ে আছে হবিগঞ্জ জেলা। ২৬ থেকে ৩৮ শতাংশ শিক্ষার হার নিয়ে পিছিয়ে থাকা অন্য জেলাগুলো হলো শেরপুর, খাগড়াছড়ি, রাঙামাটি ও কক্সবাজার। ২৬ শতাংশেরও কম শিক্ষার হার বান্দরবানে। নারীশিক্ষার দিক থেকে সবচেয়ে পিছিয়ে আছে এ জেলাটি। পয়োনিষ্কাশন ব্যবস্থা: সরকারি হিসাবে বাংলাদেশের ৫১ দশমিক ৫ শতাংশ বাড়িতে উন্নত শৌচাগার সুবিধা রয়েছে। জেলাওয়ারি অবস্থানের দিকে থেকে এগিয়ে আছে ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা। এসব অঞ্চলের ৭০ শতাংশেরও বেশি মানুষ উন্নত শৌচাগারসেবা পায়। কিন্তু এই একই বিভাগে থাকা সত্ত্বেও ভোলার ২০-৩৮ শতাংশের জন্য এই সুবিধা আছে। একই অবস্থানে চাঁপাইনবাবগঞ্জ, সুনামগঞ্জ ও বান্দরবান। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম জানিয়েছেন, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় আঞ্চলিক বৈষম্যের বিষয়টিতে গুরুত্ব দেওয়া হবে। আর্থসামাজিক নানা কারণে বিভিন্ন অঞ্চল পিছিয়ে থাকে। উন্নয়নের বাধাগুলোকে চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।