সামাদ সরদারের জার্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে গেঞ্জি ও ছোট ছোট পতাকা তৈরি করছেন সামাদ সরদার। তিনি জানান, এ পর্যন্ত দুই হাজারের বেশি গেঞ্জি বিক্রি করেছেন। আরও দুই হাজার তৈরি আছে। বাংলাদেশের পতাকা তিন হাজারের বেশি বিক্রি করেছেন। পতাকার মতো মাথার পট্টি চার হাজারের বেশি বিক্রি করেছেন। এসব সামাদের কাছ থেকে হকাররা কিনে নিয়ে যান। আবার ঢাকার নামকরা অনেক বুটিক শপে নিয়মিত তিনি গেঞ্জি, পতাকা আর পট্টি সরবরাহ করেন। বিশ্বকাপের কাজ করছেন মাস তিনেক ধরে।সামাদ গেঞ্জির কাপড় কেনেন নারায়ণগঞ্জ থেকে। সেখানে সাদা, সবুজ ও কালো রঙের গেঞ্জি প্রতি পিসের দাম ৪০-৬০ টাকা। তবে ফুলহাতা সবুজ ও কালো গেঞ্জি প্রতি পিস কেনা পড়ে ৮০-৯০ টাকা করে। সেই গেঞ্জির বুকের ওপর ‘বাংলাদেশ’ শব্দটা লেখা হয়। আবার বুকের ওপর লাল টকটকে বৃত্তও থাকে। সামাদ সরদার বলেন, ‘লেখা আর বৃত্তের কাজটা করি স্ক্রিন প্রিন্টে। ১০ থেকে ১৫ টাকা লাভ রেখে বিক্রি করে দিই।’হকাররা সামাদের কাছ থেকে গেঞ্জি কেনেন ৭০ থেকে ৮০ টাকা করে। এরপর তাঁরা সেগুলো ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি করেন। তাঁর কাছ থেকে গেঞ্জি নিয়ে আজিজ মার্কেটে এবং বসুন্ধরায়ও বিক্রি করছেন অনেকে। সামাদ সরদার জানান, ছেলেপেলেরা এখন কালো গেঞ্জি পরতে পছন্দ করে।সামাদ সরদার সারা বছর বিভিন্ন বুটিক শপের গেঞ্জি আর শাড়িতে স্ক্রিন প্রিন্টের কাজ করেন। তিনি থাকেন আদাবরে চার হাজার টাকা ঘরভাড়া নিয়ে। সংসারে স্ত্রী ছাড়া তিনটি মেয়ে আছে তাঁর। ছোট দুই মেয়ে স্কুলে পড়ে। বড় মেয়ে জুঁই প্রেম করে বিয়ে করেছিল পরিবারের অমতে। ছেলে ওষুধের দোকানদার। বিয়ের এক মাসের মাথায় ছেলে যৌতুক চায় ১০ লাখ টাকা। সামাদ সরদার বলেন, ‘অনেক কষ্ট করে তিন লাখ টাকা দিই। বাকি টাকার জন্য জামাই মেয়েকে মারধর করত। এ জন্য জুঁই তার বাচ্চা নিয়ে আমার কাছে থাকে। মেয়েটা এখন আমার সঙ্গে সারা দিন স্ক্রিন প্রিন্টের কাজ করে।’