সামান্য একটি চাকরির জন্য...
একটি সামান্য পদের চাকরির জন্য এ নিয়ে ১৯ বার মৌখিক পরীক্ষা দিয়েছেন ছেলেটি। পরীক্ষা ভালো দিলেও তাঁর চাকরি হচ্ছে না। কারণ তিনি কম শোনেন বলে কানে একটি যন্ত্র ব্যবহার করেন। তিনি মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযোদ্ধার সন্তানদের কোটায়ও আবেদন করেছিলেন তিনি। কিন্তু চাকরি মেলেনি তাঁর, বিনিময়ে মিলেছে নানা কটু কথা ও অপমান।আইন অধিকার পাতার একজন পাঠক তিনি। প্রায়ই টেলিফোনে জানান তাঁর প্রতিক্রিয়া। এই একনিষ্ঠ পাঠকের ফোন পেয়ে ভালো লাগে। তাঁর বাড়ি বগুড়ায়। একদিন ফোন করে বললেন, তিনি ঢাকায় এসেছেন। দেখা করতে চান। প্রথম আলো অফিস ঘুরে দেখতে চান। বললাম, চলে আসুন। কথামতো সেদিন বিকেলেই হাজির তিনি। তাঁকে দেখে প্রথমেই একটু দ্বিধাগ্রস্ত হলাম। তাঁর কানে একটি যন্ত্র লাগানো। জিজ্ঞেস করলাম, এটা কেন লাগানো আছে। জানতে পারলাম, তিনি কানে একটু কম শোনেন। যখন তিনি পঞ্চম শ্রেণীতে পড়েন, তখন একটি ছোট দুর্ঘটনা থেকে কানে ব্যথা পান। তারপর থেকে কানে কম শোনেন। তখন থেকেই কানের এ যন্ত্রটি লাগিয়ে রাখার জন্য চিকিৎসকেরা বলে দেন। তিনি যখন এ যন্ত্রটি ব্যবহার করতে শুরু করেন, এর মাত্রা নির্ধারণ করতে গিয়ে চিকিৎসকেরা ভুল চিকিৎসা করেছিলেন। ফলে কানের সমস্যা আরও বেড়ে যায়।তিনি জানান, তিনি ছোটবেলা থেকেই অনেক দুরন্ত ও চঞ্চল প্রকৃতির ছিলেন। কেউ কিছু বললে খামখেয়ালি করে বলতেন যে শুনি না। তাঁর কথায় এ জন্য প্রকৃতি নাকি তাঁর বিচার করেছেন। একটি ম্যাচের শলার আঘাতে তাঁর বাঁ কানের পর্দাটি ফেটে যায়। অনেক বছর ধরে এ যন্ত্রটি তাঁর ভরসা। তবে খুব যে অসুবিধা হয় তা নয়। তিনি জানান, ‘আমার এক কান তো ভালো, ওটা দিয়ে আমি স্পষ্টই শুনতে পারি।’কিন্তু ছোট্ট একটি দুর্ঘটনা যে তাঁর সারা জীবনের জন্য কাল হয়ে দাঁড়াবে কে জানত? যখন থেকে কানে যন্ত্রটি ব্যবহার করছেন, তখন থেকেই তাঁকে তাঁর আত্মীয়স্বজন আর পাড়া-প্রতিবেশীরা খ্যাপাত। প্রতিবন্ধী বলে ডাকত। এই অপবাদগুলো প্রতিনিয়তই তাঁকে সইতে হয়েছে এবং হচ্ছে। এখন তাঁর নিজের পায়ে দাঁড়ানোর সময়, স্বনির্ভর হওয়ার সময়। কিন্তু একটি যন্ত্র তাঁর কানে আটকানো থাকে, এটাই তাঁর বড় দুর্ভাগ্য হয়ে গেছে। চাকরির জন্য ঘুরেছেন দ্বারে দ্বারে, ভালো পরীক্ষাও দিয়েছেন। কোনো কোনো চাকরিতে লিখিত পরীক্ষায় টিকেছেন। কিন্তু ভাইভাতে গেলেই প্রতিষ্ঠানের বড় কর্মকর্তারা বাঁকা চোখে তাকান তাঁর দিকে। কানে না শোনা লোক কী চাকরি করবে? তাঁকে দিয়ে চাকরি হবে না। ফলে একটা স্বপ্নের চাকরিও তাঁর কাপালে জোটে না। তিনি যেদিন দেখা করতে এসেছিলেন, তখন সুপ্রিম কোর্টের কর্মচারীদের নিয়োগের জন্য ভাইভা দিতে এসেছিলেন। তাঁকে জিজ্ঞেস করি, কেমন হলো পরীক্ষা।অনেকটা ক্ষোভ আর হতাশা নিয়েই উত্তর দিলেন, ‘আমি তো কানে শুনি না, তাই বড় কর্মকর্তারা বললেন, আমাকে দিয়ে এ কাজ হবে কীভাবে?’বললাম কাজের ধরনটা কী?‘কম্পিউটার অপারেটর।’তো এর সঙ্গে কানে কম শোনার সম্পর্ক কী? কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতে হলে কানে কম শোনার তো সম্পর্ক নেই।ক্ষোভের সঙ্গেই উত্তর দিলেন, ‘এটি তাঁদেরই জিজ্ঞেস করেন ভাই।’আপনাকে ফলাফল জানিয়ে দিয়েছে ওখানেই?‘না। তবে কী আর হবে জানা আছে। আমাকে একজন কর্মকর্তা বলেছেন, ‘আমি যেন প্রতিবন্ধী হিসেবে আবেদন করি। কিন্তু আমি কেন প্রতিবন্ধী হিসেবে আবেদন করব? আমি তো প্রতিবন্ধী নই। কানে কম শুনি, তাই বলে প্রতিবন্ধী হয়ে গেলাম? আমার কানের যন্ত্রটি কী আমার হুইল চেয়ার যে আমি প্রতিবন্ধী হিসেবে কারও করুণা চাইব? আমি স্বাভাবিক মানুষ হিসেবেই চাকরি পেতে চাই। চাকরি করতে চাই।’তাঁর কথার তেজ দেখেই বোঝা গেল, কত অফুরান ক্ষোভ আর হতাশা তাঁর ভেতর জমে আছে। জিজ্ঞেস করলাম, এ নিয়ে কতবার চাকরির জন্য পরীক্ষা দিয়েছেন। তিনি জানালেন ১৯ বার।বললেন, ‘আমি হাল ছাড়ছি না। শুধু আমার শয্যাশায়ী অসুস্থ মায়ের জন্যই আমার যত চিন্তা, যত কষ্ট।’মায়ের কথা জিজ্ঞেস করি। জানতে পারি, তাঁর মা গুরুতর অসুস্থ, শয্যাশায়ী দীর্ঘদিন ধরে। তাঁর কোনো বোন নেই। আত্মীয়স্বজনেরাও ঠিকমতো দেখভাল করে না। বাবা আছেন, একটি ছোট্ট সরকারি চাকরি করেন। বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। মায়ের সব কাজ, সেবা-শুশ্রূষা ছেলেটিই করেন। এমনকি মায়ের পাশে থেকে তাঁর মলমূত্র পরিষ্কারের কাজটি তাঁকেই করতে হয়। তাঁর কথায়, ‘মা-ই তো জন্ম দিল কষ্ট করে। আমি তাঁর সন্তান, কী করে মাকে অবহেলা করি? আমি ছাড়া আর কে করবে তাঁর সেবা? যত দিন আমি বেঁচে আছি, যত দিন মা বেঁচে আছেন, তত দিন তাঁর সেবা করেই যাব। একটা চাকরি কপালে জুটলেই হতো এখন। মা-বাবার দুশ্চিন্তাটা দূর হতো একটু।’জিজ্ঞেস করি, আপনার বাবা মুক্তিযোদ্ধা, আপনার তো চাকরির জন্য কোটা আছে। চেষ্টা করতে পারেন। তিনি বলেন, ‘অনেক জায়গায় চেষ্টাও করেছি বাবার মুক্তিযোদ্ধা সনদ দেখিয়ে। কিন্তু এতে অনেকেই কটু কথা শুনিয়েছেন, অপমান করেছেন। এতে আমার বাবাও অপমানিত হন মনে করি। তাই আর বাবার কথা কাউকে বলি না।’তাঁর ছোট ভাই মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন। মেধাবী ভাইকে বাবার সীমিত রোজগারের মধ্য থেকেই মানুষ হিসেবে গড়েছেন। ভাইটিও তাঁর চাকরির জন্য চেষ্টা করেছেন। কিন্তু দোষ তো একটাই, ‘কানে লাগানো একটি যন্ত্র।’তিনি এইচএসসি পরীক্ষা দেওয়ার সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই আর শেষমেশ পরীক্ষা দিতে পারেননি। পরে কম্পিউটারের ওপর চার বছরের একটি ডিপ্লোমা কোর্সে পড়েছেন এবং সেখান থেকে সনদ নিয়েছেন। এ সনদকেই ভিত্তি করে তিনি ঘুরছেন কোথাও কোনো রকম একটি চাকরির জন্য। সেটা অফিসের পিয়ন, কেরানি—যেকোনো একটা হলেই হলো। কিন্তু মিলছে না তাঁর চাকরি। কানে কম শোনেন এটা তো তাঁর কাজের জন্য বাধা নয়। তিনি প্রতিবন্ধী নন, এটা তাঁর দাবি। কেন তাঁর অধিকার থেকে বঞ্চিত হবেন তিনি। পরীক্ষা ভালো দিচ্ছেন। একটি ছোট চাকরি পেতে যত যোগ্যতা, তিনি তা অর্জন করেছেন। কিন্তু মৌখিক পরীক্ষা বা চাকরির সাক্ষাৎকার যেদিন নির্ধারিত থাকে, সেদিন খুব মনোবল নিয়ে বোর্ডের সামনে হাজির হলেও যেন জানা থাকে তার ফলাফল। অযোগ্যতা তো তাঁর একটাই, কানে শোনার একটি যন্ত্র। কয়েক দিন আগে ফোনে কথা বলি তাঁর সঙ্গে। বলি, তাঁকে নিয়ে একটি লেখা লিখতে চাই। তিনি সম্মতি দিলেন, কিন্তু তাঁর নাম প্রকাশ যেন না করি, সে অনুরোধ করলেন। তাঁকে বললাম, ‘এতে সমস্যা কোথায়? তাঁর সোজা উত্তর, এতে অনেকে করুণা করে হয়তো চাকরি দিতে চাইবে। কিন্তু আমি শেষ পর্যন্ত নিজের যোগ্যতা দেখিয়েই চাকরি পাওয়ার জন্য লড়াই করে যাব, কারও করুণা পেতে চাই না।’ছেলেটি মেইলে একটি চিরকুট লিখে পাঠান। ছোট এ চিরকুটটি হুবহু তুলে ধরলাম—‘আমি আর পারছি না। আমার এই মনঃকষ্ট আমার পরিবারের কেউ জানে না এবং আমি এ ব্যাপারে কাউকে কিছু বলিনি। না পারছি নিজের জন্য কিছু করতে, না পারছি আমার অসুস্থ আম্মা ও পরিবারের জন্য কিছু করতে; সর্বোপরি দেশের জন্য কিছু করতে। আমি আর চাই না আমার মতো দেশের আর কোনো মুক্তিযোদ্ধার সন্তানেরা অপমানিত হোক। আমার বাবা মুক্তিযোদ্ধা হয়েও পদোন্নতি পাচ্ছেন না। আর এ জন্য সরকারের উচিত প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটা তুলে দেওয়া। যাতে করে কিছু অসাধু সরকারি আমলা ও রাজনৈতিক নেতা এসব কোটার অপব্যবহার করতে না পারে এবং সব কোটার প্রার্থীদেরযেন আর অপমানিত হতে না হয়। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।’[email protected]