সামান্য ত্রুটিতে স্বাস্থ্য খাতের সাফল্য ম্লান হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, দেশকে পোলিওমুক্ত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। পাঁচ বছরের কম বয়সী একটি শিশুও যেন পোলিও টিকাদানের আওতা থেকে বাদ না পড়ে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। এ জন্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। মনে রাখতে হবে, সামান্য ত্রুটির কারণে স্বাস্থ্য খাতের সাফল্য ম্লান হয়ে যেতে পারে।স্বাস্থ্যমন্ত্রী আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে ১৯তম জাতীয় টিকা দিবসের অংশ হিসেবে সাতক্ষীরায় প্রথম পর্বের উদ্বোধনকালে এসব কথা বলেন। সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কয়েকজন শিশুকে টিকা খাইয়ে তিনি দিবসের উদ্বোধন করেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে টিকা দেওয়ার জন্য এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ ছাড়া অস্থায়ী ও ভ্রাম্যমাণ কেন্দ্র স্থাপন করা হয়েছে ২০ হাজার। বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বস্তি এলাকার শিশুদের ভ্রাম্যমাণ কেন্দ্র থেকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যন্ত ও দুর্গম এলাকাতেও টিকা দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।মন্ত্রী বলেন, গত চার বছরেরও বেশি সময় বাংলাদেশ পোলিওমুক্ত রয়েছে। এ অবস্থা ধরে রাখতে হলে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।