সামান্য বৃষ্টিতেই বাজার বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলা সদর বাজারে সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বাজারের প্রধান দুটি সড়কে কাঁদা পানি জমে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় সড়ক দুটি দিয়ে বিভিন্ন যানবাহন চলাচলসহ পথচারীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।বাজার সূত্রে জানা যায়, সদর বাজারটি ব্রিটিশ আমলে স্থাপিত হলেও দীর্ঘদিনেও এতে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। প্রতিবছর এ বাজার থেকে ১৫-১৬ লাখ টাকা রাজস্ব আয় হয়। বিপুল পরিমাণ রাজস্ব আয় বাড়লেও বাড়েনি বাজারের জনসাধারণের জন্য ন্যূনতম কোনো সুযোগ সুবিধা। পথচারী ও জনসাধারণের জন্য এখানে বিশুদ্ধ পানীয় জল সরবরাহসহ পয়ঃনিষ্কাশনেরও কোনো সুষ্ঠু ব্যবস্থা নেই। বাজারের দক্ষিণে অর্থাৎ মাংসহাটির পাশে পয়ঃনিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণ করা হলেও তা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে। ফলে সব সময় তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে ও মশা-মাছির বংশ বিস্তার ঘটছে। বাজারের অগ্রণী ব্যাংক ও কালীগঞ্জ সড়কসহ উত্তর-পশ্চিম অংশ ও মধ্যবর্তী স্থানে কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুসমান কাদা পানি জমে। এ পানি নামার আর কোনো পথ নেই। ফলে যানবাহন চলাচলসহ পথচারীদের এই কাদা পানি মাড়িয়েই যাতায়াত করতে হয়। বাজারের কালীগঞ্জ সড়কের শৈলী কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক আমিনুল ইসলাম বলেন, বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন-নিবেদন করেও কাজ হচ্ছে না। ফলে সামান্য বৃৃষ্টিতে বাজারের প্রধান দুটি সড়কসহ অলিগলিতে হাঁটুসমান কাদা পানি জমে। বিশেষ করে বাজারের কালীগঞ্জ ও অগ্রণী ব্যাংক সড়কে দীর্ঘস্থায়ী জলবদ্ধতার সৃষ্টি হয়।পীরগাছা সদর ইউপি চেয়ারম্যান আফছার আলী বলেন, বাজারের ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে কাজ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম বাজারটির বেহাল অবস্থার কথা স্বীকার করে বলেন, সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ জন্য উপজেলা প্রকৌশলীকে নকশা প্রণয়নসহ ব্যয়ের পরিমাণ নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।