যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের ২৫ বছরের যুবক রব সামারস। তুখোড় বেসবল খেলোয়াড় ছিলেন। ২০০৬ সালে কলেজ ওয়ার্ল্ড সিরিজে চ্যাম্পিয়ন হয়েছিল তাঁর দল। কিন্তু ওই বছরের গ্রীষ্মে এক সড়ক দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন তিনি। অসাড় হয়ে যায় বুকের নিচ থেকে শরীরের বাকি অংশ। স্থবির হয়ে পড়ে তাঁর জীবন।সেই সামারস এখন একাই উঠে দাঁড়াতে পারছেন। হাঁটতেও পারছেন গুটি গুটি পায়ে। এতে আনন্দিত তিনি। আর খুশি চিকিৎসা বিজ্ঞানীরা—যাঁরা তাঁকে নিজের পাঁয়ে দাঁড় করাতে সাহায্য করেছেন। তাঁরা জানিয়েছেন, চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এ এক যুগান্তকারী ঘটনা। রবের মেরুদণ্ডের স্নায়ুতে তড়িৎ উদ্দীপনা দিয়ে তাঁরা এ সাফল্য পেয়েছেন।চিকিৎসকেরা জানান, দুর্ঘটনায় সামারসের মস্তিষ্ক থেকে মেরুদণ্ডে বার্তা পৌঁছানোর পথ বন্ধ হয়ে গিয়েছিল। এতেই তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর মেরুদণ্ডে ১৬টি ইলেকট্রোড স্থাপন করেন। এরপর দেওয়া হতে থাকে তড়িৎ উদ্দীপনা। একই সঙ্গে সামারসকে উঠে দাঁড়াতে এবং পা নাড়াতে সাহায্য করা হয়। অল্প কিছুদিনের মধ্যে তিনি পায়ের আঙুল, গোড়ালি, হাঁটু ও ঊরুর ওপর নিয়ন্ত্রণ ফিরে পান। এখন তিনি নিজে নিজে পা নাড়াচাড়া করতে পারছেন। উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে হাঁটতেও পারছেন।ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেগি এজারটন বলেন, ‘আমাদের কেউ তো বিশ্বাসই করতে পারছিলেন না। এমনকি আমি নিজেও ভয় পাচ্ছিলাম এ কথা বিশ্বাস করতে।’আর রব সামারস বলেছেন, তাঁর জীবন পুরোপুরি বদলে গেছে। তিনি বলেন, ‘একজন মানুষ যে কিনা চার বছর ধরে নিজের পায়ের একটি আঙুলও নাড়াতে পারেনি, সে এখন নিজে নিজে দাঁড়াতে পারছে। তার জন্য এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।’দুই বছর ধরে সামারসকে নিয়ে কাজ করেছেন যে চিকিৎসা বিজ্ঞানীরা, তাঁদের নেতৃত্ব দিয়েছেন কেন্টাকির লুইসভিল বিশ্ববিদ্যালয়ের সুসান হারকেমা। তিনি বলেন, ‘এ ঘটনার মাধ্যমে পক্ষাঘাতগ্রস্তদের চিকিৎসায় এক দারুণ সম্ভাবনার দ্বার উন্মোচন হলো...; কিন্তু আমাদের আরও অনেক কাজ করতে হবে।’ তাঁদের এই গবেষণা কর্মকাণ্ড প্রকাশিত হয়েছে বিখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যানসেট-এ।সুসান হারকেমা আরও বলেন, ‘এটা একেবারে সুস্থতা নয়, আর সামারসে পুরোদমে হাঁটাহাঁটি করতে পারছেন তা-ও নয়। কিন্তু এর মাধ্যমে একজন মানুষ দিনে কয়েক মিনিট উঠে দাঁড়াতে পারছেন। এই মনোবলই হয়তো তাঁকে পুরোপুরি সুস্থ করে তুলতে সাহায্য করবে।’ বিবিসি ও দ্য ইনডিপেনডেন্ট।