সামারাবীরা সত্যিই সমর জেতানো বীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত: ৫০ ওভারে ২৭৯/৯শ্রীলঙ্কা: ৪৮ ওভারে ২৮৩/৫ফল: শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ীভারত-শ্রীলঙ্কা ম্যাচের বৃহত্তর প্রেক্ষাপটের মধ্যেই একটা খণ্ড-লড়াই ছিল। বীরেন্দর শেবাগ বনাম তিলকরত্নে দিলশান।সপ্তাহ তিনেক আগে রাজকোটে রানবন্যার সেই ম্যাচের পর থেকে ভারত-শ্রীলঙ্কা ওয়ানডের অন্য নাম তো এটাই। ৮১৫ রানের ওই ম্যাচে শেবাগের ১৪৬, তিলকরত্নের ১৬০। ওই দ্বৈরথের আরেকটি পর্ব দেখার অপেক্ষায় ছিল ঢাকাও। যে লড়াই শুরুই হলো না!গত পরশু বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি আর কুঁচকির চোট নিয়ে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন দিলশান। পরদিন সকালে জানা গেল, বেরিয়ে গেছেন আইডিয়া কাপ থেকেই।তা দিলশান থাকলেন কি থাকলেন না, সেটি ভেবে কি খেলেন নাকি শেবাগ! শেবাগ খেলেন শেবাগের মতো। তা সেটা টেস্ট ম্যাচই হোক বা ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি। শেবাগ মানেই তাই নির্ভেজাল ব্যাটিং বিনোদন। এতটাই যে, কাল মাত্র ৪৪ মিনিট উইকেটে থেকেও মন ভরিয়ে দিলেন। ওইটুকু সময়ে ৩১ বলে ৪৭ রান, ৯টি বাউন্ডারি।কিন্তু শেবাগের এত ছোট ইনিংসে কি ভারতের মন ভরে? বিশেষ করে, নবম ওভারে তাঁর লিডিং এজ মিড অফের হাতে যাওয়ায় স্কোর যখন ৩ উইকেটে ৭১! সেখান থেকে ভারতের ২৭৯-তে যাওয়ায় সবচেয়ে বড় অবদান যুবরাজ সিংয়ের। তাঁর ৮৪ বলে ৭৪ রানের সঙ্গে যোগ হলো ধোনি, রায়না ও জাদেজার ত্রিশের ঘরের তিনটি ইনিংস। ইনিংসের শেষ দিকে টুপটাপ শিশির ঝরার মতো উইকেটের ঝরে পড়ায় স্কোরটা তিন শ হলো না। এক সময় ওয়ানডেতে প্রায় অজেয় বলে বিবেচিত এই অঙ্কটা এখন এমনই ডাল-ভাত হয়ে গেছে যে, কোনো দলকে এর নিচে আটকে রাখতে পারলেই যেন ম্যাচ অর্ধেক জেতা হয়ে যায়। ভারতীয় ইনিংস শেষে শ্রীলঙ্কানদের হাই ফাইভ আর একে অন্যের পিঠ চাপড়ে দেওয়াতে এই উপলব্ধিরই প্রতিফলন। প্রথম পাঁচ ওয়ানডেতে যে চানাকা ভেলেগেদারার ৫ উইকেট, কাল ষষ্ঠ ম্যাচ থেকেই ৫ উইকেট তুলে নিলেন তিনি। যেটিকে তখনই মনে হচ্ছিল ম্যাচ জেতানো বোলিং বলে।ওয়ানডের আধুনিক যুগে ২৭৯ যেকোনো উইকেটেই তাড়াযোগ্য, তার ওপর কুমার সাঙ্গাকারা ম্যাচের দ্বিতীয়ার্ধে ভারতের ১১ জনের বিপক্ষে শ্রীলঙ্কার ১২ জন দেখছেন। দ্বাদশ খেলোয়াড়ের নাম শিশির। কারণ, টানা দ্বিতীয় ম্যাচে মহাগুরুত্বপূর্ণ টসটা জিতেছেন শ্রীলঙ্কান অধিনায়ক।শেষ পর্যন্ত শিশির অবশ্য প্রথম ম্যাচের মতো অতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। আগের দিনের মতো হাড় কাঁপানো ঠান্ডা নেই, বলও শিশিরে ভিজে সেদিনের মতো গ্রিপদুরূহ পিচ্ছিল হয়ে ওঠেনি। হরভজনের ৩ উইকেট নেওয়াটাকেও ধরতে পারেন এর একটা প্রমাণ বলে। দিলশান না থাকায় শেবাগের কিছু যায়-আসে না লিখেছি, কিন্তু শ্রীলঙ্কার তো অনেক কিছু আসে-যায়। শ্রীলঙ্কান ব্যাটিং লাইনআপকে অচেনা বানিয়ে জয়াসুরিয়া-জয়াবর্ধনে নেই, এই ম্যাচের আগে ইনজুরি দিলশানের সঙ্গে ছিটকে ফেলেছে চামারা সিলভাকেও। ৭৭ রানে দুই ওপেনারকে হারানোর পর সাঙ্গাকারা ও সামারাবীরাকে শুরুতে তাই একটু বেশিই দেখেশুনে খেলতে হলো। তার পরও তাঁদের জুটিটি ধোনি-যুবরাজের জুটির তুলনায় দ্রুততরই হলো। ২২.৪ ওভারে ধোনি-যুবরাজের ৯৯, সাঙ্গাকারা-সামারাবীরার ১২২ এল ২০.৪ ওভারে। ম্যাচ শেষে মনে হলো, পার্থক্য গড়ে দিয়েছে এটাই।হ্যাঁ, ম্যাচ শেষেই। কারণ পাঁচ ওভার বাকি থাকতেও ম্যাচের ভাগ্য দুলেছে পেন্ডুলামের মতো। শেষ ৫ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৩৮ রানের। আরেকটু পিছিয়ে যান। সাঙ্গাকারা যখন আউট হলেন, শ্রীলঙ্কার প্রয়োজন ৮২ বলে ৮১। অসম্ভব কোনো সমীকরণ নয়, কিন্তু হীনবল এই শ্রীলঙ্কার জন্য যথেষ্টই কঠিন।সেই কঠিনেরেই ভালো বাসিলেন থিলান সামারাবীরা। একটা দীর্ঘ সময় শুধুই টেস্ট ব্যাটসম্যান হিসেবে পরিচিতি ছিল তাঁর। টেস্ট ব্যাটসম্যান, সেটিও সেই পুরোনো ঘরানার। অনেক দিনই সেই ঘেরাটোপ থেকে বেরিয়ে স্ট্রোক প্লের সঙ্গেও চেনা-জানার পরিচয় দিচ্ছেন। তবে ওয়ানডেতে এমন ম্যাচজয়ীর রূপে এর আগে দেখা দিয়েছেন বলে মনে পড়ছে না। পাঁচ ওভার বাকি থাকতেও যে ম্যাচের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করা যাচ্ছিল না, সামারাবীরার ১০৬ বলে অপরাজিত ১০৫ রানে সেটিই দুই ওভার বাকি থাকতেই শেষ! শুধু সামারাবীরার ১০৬ বলে ১০৫ রানেই? থিসারা পেরেরার কথা ভুলে যাচ্ছেন কীভাবে! ২০ বছরের তরুণের মাত্রই তৃতীয় ওয়ানডে। বোলিংয়ে নিয়েছেন দুই উইকেট—উইকেটে জমে যাওয়া ধোনি ও যুবরাজ। দোদুল্যমান ম্যাচটাকে শ্রীলঙ্কার দিকে স্থির করে দেওয়া তাঁর ১৫ বলের ব্যাটিং-ঝড়ের কাছে সেটিও কিছু নয়। যখন নেমেছেন, ৩৯ বলে ৫৪ রান চাই শ্রীলঙ্কার। ১৫ বলে ৩৬, ছয়টি চার ও একটি ছয়—পেরেরার ইনিংসটি যেন পরিস্থিতি অনুযায়ী অর্ডার দিয়ে বানানো। শেষ দিকে সামারাবীরার কাজ দাঁড়াল নারানগোডা লিয়ানারাচচিলাগে থিসারা চিরান্থা পেরেরা নামের দুঃসাহসী তারুণ্যকে শুধু ব্যাটে তালি দিয়ে যাওয়া! পেরেরার এই বিশাল নামের অর্থ কী, কে জানে! তবে শ্রীলঙ্কার ফাইনাল নিশ্চিত করে দেওয়া জয়ের পর ম্যান অব দ্য ম্যাচের ট্রফিটা যাঁর হাতে উঠল, তাঁর নামের অর্থ তো পরিষ্কারই। সামারাবীরা মানে সমর-বীর। অন্তত কালকের ম্যাচে সার্থক এই নাম!