সামিউলের ব্যাপারে কিছু করতে বলি শামসুজ্জামানকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুন হওয়া শিশু সামিউলের মা আয়েশা হুমায়রা আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, শামসুজ্জামানের তাঁদের বাসায় আসার কথা বাবাকে বলে দিতে চেয়েছিল সামিউল। এ ব্যাপারে বন্ধু শামসুজ্জামানকে ‘কিছু একটা’ করতে বলেছিলেন তিনি। শামসুজ্জামান তাঁকে ব্যবস্থা করার আশ্বাস দেন। আদালত সূত্র জানায়, গত সোমবার মহানগর হাকিম শামীমা পারভীন ১৬৪ ধারায় আয়েশার জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।আয়েশা আদালতে জবানবন্দিতে বলেছেন, ১৯ জুন রাত পৌনে ১০টার দিকে তিনি তাঁর বন্ধু শামসুজ্জামানকে ফোন করে বাসায় আসতে বলেন। শামসুজ্জামান এসে সে রাতে তাঁর বাসায় থেকে যান। পরদিন চলে যাওয়ার সময় সামিউল শামসুজ্জামানকে দেখে ফেলে। আয়েশা বলেন, পরে রাতে সামিউল কয়েকবার বলে তাকে খেলনা কিনে না দিলে আর ফ্রায়েড চিকেন না খাওয়ালে বাবার কাছে শামসুজ্জামানের কথা বলে দেবে। আয়েশা জবানবন্দিতে বলেন, ‘শামসুজ্জামান ফোন করলে তাঁকে ঘটনা জানিয়ে কিছু একটা করতে বলি। শামসুজ্জামান আমাকে বলেন, “সামিউল যা চায় তা দাও, আমি ব্যবস্থা করছি”।’ আয়েশা বলেন, এরপর ২১ জুন রাতে সামিউলকে বাইরে ফ্রায়েড চিকেন খাওয়ানো হয়। তাকে খেলনাও কিনে দেওয়া হয়। শামসুজ্জামান বারবার ফোনে তাঁর কাছে সামিউলের কথা জানতে চান। জবানবন্দিতে সামিউলের মা আরও বলেন, ২২ জুন বিকেলে কাজের বুয়া শিশুটিকে খেলার জন্য নিচে নিয়ে যায়। সন্ধ্যার পরও সে ফিরে না আসায় সবাই খোঁজাখুঁজি শুরু করেন। আয়েশা জানান, ওই রাতেও শামসুজ্জামান কয়েকবার তাঁর সঙ্গে মুঠোফোনে সামিউলের বিষয়ে কথা বলেন। ২৩ জুন তিনি শামসুজ্জামানের সঙ্গে মুঠোফোনে সামিউলের বিষয়ে কথা বলেন। পরদিন সকালে বাসার কাছে সামিউলের বস্তাবন্দী লাশ পাওয়া যায়।আগের কথা: আয়েশা জবানবন্দিতে বলেন, ২০০৩ সালে কে আর আজমের সঙ্গে তাঁর বিয়ে হয়। ২০০৬ সালের শেষ দিকে তাঁরা আদাবর থানা এলাকায় বাসা ভাড়া নেন। ওই এলাকার নবোদয় হাউজিংয়ের ৬ নম্বর সড়কের ‘শ্রাবন্তী বিউটি’ পারলারে আসা-যাওয়ার মাধ্যমে প্রথমে শামসুজ্জামানের স্ত্রী সাথীর সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে শামসুজ্জামান ওরফে আরিফ ওরফে বাক্কুর সঙ্গেও পরিচয় হয় তাঁর। প্রায় তিন বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা একসঙ্গে বেড়াতেন ও সময় কাটাতেন। আয়েশা জবানবন্দিতে বলেন, তাঁর কাছ থেকে শামসুজ্জামান ও তাঁর স্ত্রী সাথী ২০০৮ সালে এক লাখ টাকা নেন। সে বছরই আরও কয়েকবার ব্যবসার কথা বলে তাঁরা প্রায় ১৫ লাখ টাকা নেন। আয়েশা দাবি করেন, ২০০৯-এর ৫ জুলাই শামসুজ্জামানের প্ররোচনায় তিনি বাসার মালামাল ও সন্তান সামিউলকে নিয়ে তাঁর সঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। শামসুজ্জামান একটি ট্রাকে মালপত্র তুলে সামিউলকে নিয়ে চলে যান। পরে আরেকটি ট্রাকে বাকি মাল নেওয়ার সময় দারোয়ানেরা তাঁকে আটক করেন। অনেক কথাবার্তার পর সেদিন গভীর রাতে শামসুজ্জামান সামিউলকে ফেরত দেন। সাড়ে সাত ভরি স্বর্ণালংকার ও ছয় হাজার টাকা রেখে দেড় মাস পর মালপত্রও ফেরত পাঠান। জবানবন্দিতে আয়েশার দাবি, এর পরও শামসুজ্জামান লোভ দেখিয়ে তাঁকে আবার সম্পর্ক স্থাপনে প্ররোচিত করেন। আগামী সপ্তাহে অভিযোগপত্র: জানতে চাওয়া হলে মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী সাহান হক প্রথম আলোকে জানান, আয়েশা ও শামসুজ্জামানকে আসামি করে মামলার অভিযোগপত্র তৈরির কাজ চলছে। তবে শেষ মুহূর্তে সম্পৃক্ততা পাওয়া গেলে শামসুজ্জামানের স্ত্রী সাথীকেও আসামি করা হবে। আগামী সপ্তাহেই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হতে পারে বলে জানান তিনি।জন্মদিনে বাবার শোক: বেঁচে থাকলে গত সোমবার সামিউলের বয়স ছয় বছর পূর্ণ হতো। মঙ্গলবার প্রথম আলোর সঙ্গে কথা বলতে গিয়ে বাবা কে আর আজম ছেলের জন্মদিনের কথা মনে করে কেঁদে ফেলেন। আজম বলেন, তাঁরা স্বামী-স্ত্রী এদিন সামিউলকে নিয়ে চায়না রেস্তোরাঁয় খেতে যেতেন। আজম জানান, ঘরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা সামিউলের কাপড়-চোপড় ও খেলনা বুকে নিয়েই তাঁর এবারের জন্মদিনটি কেটেছে।