বেসরকারি খাতে (আইপিপি) ৪৫০ মেগাওয়াট ক্ষমতার বিবিয়ানা-১ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য দেশীয় কোম্পানি সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্কেন্টাইল করপোরেশন লিমিটেড এবং ফ্রান্সভিত্তিক খ্যাতিসম্পন্ন কোম্পানি জেনারেল ইলেকট্রিক (জিই) চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে।গতকাল রোববার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ওই দুই কোম্পানির যৌথ উদ্যোগের প্রস্তাবটি অনুমোদন করে। এই প্রকল্পে ৮০ শতাংশ অংশীদারি সামিটের এবং ২০ শতাংশ জিইর। এখন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে বিদ্যুৎ কেনা-বেচাসহ কয়েকটি চুক্তি স্বাক্ষরের পরই এটি স্থাপনের কাজ শুরু হবে।তাদের দর প্রস্তাব অনুযায়ী প্রতি ইউনিট বিদ্যুতের দাম হবে দুই টাকা ৩০ পয়সার মতো (৩ দশমিক ৩২ মার্কিন সেন্ট)। মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াটের পর এটিই হবে দেশের বৃহৎ বিদ্যুৎকেন্দ্র। সিলেটের বিবিয়ানা ক্ষেত্রের গ্যাস হবে এই কেন্দ্রের জ্বালানি।বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীন কারিগরি প্রতিষ্ঠান পাওয়ার সেল গত বৃহস্পতিবার এই কেন্দ্রের দর প্রস্তাব উন্মুক্ত করে। এরপর দর প্রস্তাবসহ যাবতীয় বিষয় মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়। মন্ত্রণালয় বিষয়টি পাঠায় ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে।প্রায় এক বছর আগে এই কেন্দ্রটি স্থাপনের জন্য আগ্রহী কোম্পানিগুলোর প্রাক্-যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়ায় চারটি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। তার মধ্যে দুটি প্রতিষ্ঠান দরপত্র (কারিগরি ও আর্থিক) জমা দেয়। এগুলো হলো সামিট-জিইর যৌথ উদ্যোগ এবং মালয়েশীয় কোম্পানি ওয়াইটিএল। বিশ্বব্যাংকের পরামর্শক এই দর প্রস্তাব যাচাই করে। এতে চূড়ান্ত পর্যায়ে ওয়াইটিএল অযোগ্য (নন-রেসপনসিভ) হয়।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহম্মদ আজিজ খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘এটা অত্যন্ত আনন্দের বিষয় যে এই প্রথম কোনো দেশীয় কোম্পানি এত বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পেল। এর ফলে বিদ্যুৎ খাতে দেশীয় কোম্পানির বড় কাজ করার অভিজ্ঞতা বাড়বে। ক্ষেত্র সম্প্রসারিত হবে। আমরা পাঁচ বছর ধরে এই দিনটির জন্যই অপেক্ষায় ছিলাম।’আজিজ খান আরও বলেন, ‘গত নয় বছরে দেশে বড় কোনো বিদ্যুৎকেন্দ্র (বেইজলোড প্লান্ট) স্থাপিত হয়নি। বিবিয়ানা-১ প্রকল্পটি সেই ধারা পরিবর্তন করবে। একই সঙ্গে দেশে বিদ্যুতের গড় দামও অনেক কমিয়ে আনতে সহায়তা করবে এই কেন্দ্র। আমরা এই কেন্দ্রের জন্য জিইর সর্বাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করব। এতে জ্বালানি কম লাগবে।’