সামিট-জিই বিবিয়ানায় ৪৫০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে
বেসরকারি খাতে (আইপিপি) ৪৫০ মেগাওয়াট ক্ষমতার বিবিয়ানা-১ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য দেশীয় কোম্পানি সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্কেন্টাইল করপোরেশন লিমিটেড এবং ফ্রান্সভিত্তিক খ্যাতনামা কোম্পানি জেনারেল ইলেকট্রিক (জিই) চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে।আজ রোববার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ওই দুই কোম্পানির যৌথ উদ্যোগের প্রস্তাবটি অনুমোদন করে। এই প্রকল্পে ৮০ শতাংশ অংশীদারি সামিটের এবং ২০ শতাংশ জিইর। এখন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে বিদ্যুৎ কেনা-বেচাসহ কয়েকটি চুক্তি স্বাক্ষরের পরই এই কেন্দ্র স্থাপনের কাজ শুরু হবে।তাদের দর প্রস্তাব অনুযায়ী প্রতি ইউনিট বিদ্যুতের দাম হবে দুই টাকা ৩০ পয়সার মতো (তিন দশমিক ৩২ মার্কিন সেন্ট)। মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াটের পর এটিই হবে দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎকেন্দ্র। বিবিয়ানা ক্ষেত্রের গ্যাস হবে এই কেন্দ্রের জ্বালানি। বিদ্যুতৎ মন্ত্রণালয়ের অধীন কারিগরি প্রতিষ্ঠান পাওয়ার সেল গত বৃহস্পতিবার এই কেন্দ্রের দরপ্রস্তাব উন্মুক্ত করে। এরপর দরপ্রস্তাবসহ যাবতীয় বিষয় মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়। মন্ত্রণালয় বিষয়টি পাঠায় ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহম্মদ আজিজ খান প্রথম আলোকে বলেন, ‘এটি অত্যন্ত আনন্দের বিষয় যে এই প্রথম কোনো দেশীয় কোম্পানি এত বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পেল। এর ফলে বিদ্যুৎ খাতে দেশীয় কোম্পানির বড় কাজ করার অভিজ্ঞতা বাড়বে। ক্ষেত্র সম্প্রসারিত হবে। আমরা পাঁচ বছর ধরে এই দিনটির জন্যই অপেক্ষায় ছিলাম।’আজিজ খান আরও বলেন, ‘গত নয় বছরে দেশে বড় কোনো বিদ্যুৎকেন্দ্র (বেইজলোড প্লান্ট) স্থাপিত হয়নি। বিবিয়ানা-১ প্রকল্পটি সেই ধারায় পরিবর্তন করবে। একই সঙ্গে দেশে বিদ্যুতের গড় দামও অনেক কমিয়ে আনতে সহায়তা করবে এই কেন্দ্র। আমরা এই কেন্দ্রের জন্য জিইর সর্বাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করব। এতে জ্বালানি কম লাগবে।’