সামিট-জিই ১০১৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে
বিদ্যুৎ খাতে শীর্ষস্থানীয় দেশি কোম্পানি সামিট বিশ্বখ্যাত আমেরিকান কোম্পানি জিইর সঙ্গে যৌথ উদ্যোগে গ্যাসভিত্তিক তিনটি বড় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে। এর মধ্যে বিবিয়ানায় হবে দুটি ও মেঘনাঘাটে একটি। ২০১৩ সালের মধ্যে এই তিনটি কেন্দ্রে মোট এক হাজার ১৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। বিবিয়ানা-১ কেন্দ্রের জন্য সামিট-জিই সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিরও অনুমোদন পেয়েছে। এখন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে বিদ্যুৎ কেনাবেচাসহ কয়েকটি চুক্তি স্বাক্ষরের পরই এটি স্থাপনের কাজ শুরু হবে।মেঘনাঘাট-২ কেন্দ্রটি স্থাপনেও তারা কয়েক দিন আগে সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়েছে। এরপর গতকাল বৃহস্পতিবার বিবিয়ানা-২ কেন্দ্রটি স্থাপনেও তাদের দরপ্রস্তাবই সর্বনিম্ন হয়েছে বলে সরকারি-বেসরকারি সূত্রে জানা গেছে। ‘নির্মাণ, স্বত্বাধিকার ও পরিচালনা (বিওও)’ ভিত্তিতে ‘আইপিপি (ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসার)’ নীতিমালা অনুযায়ী স্থাপিতব্য এই তিনটি কেন্দ্রের ক্ষেত্রেই সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্কেন্টাইল করপোরেশন লিমিটেডের অংশীদারি হবে ৮০ শতাংশ। আর আমেরিকান কোম্পানি জিই এনার্জি এলএলসির ২০ শতাংশ। সরকার ২২ বছর ধরে এই কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কিনবে।সরকারি প্রস্তাবে প্রতিটি কেন্দ্র ৩০০ থেকে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার মধ্যে স্থাপনের কথা বলা হয়েছে। এ ব্যাপারে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান প্রথম আলোকে বলেন, বিবিয়ানার কেন্দ্র দুটির প্রতিটি ৩৪১ মেগাওয়াট করে এবং মেঘনাঘাট কেন্দ্রটি ৩৩৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার করে স্থাপন করবেন। প্রতিটি কেন্দ্রেই ব্যবহার করা হবে সর্বশেষ প্রযুক্তির ‘জিই-৯ এফএ’ যন্ত্রপাতি। তিনি জানান, কেন্দ্র তিনটি স্থাপনে প্রায় সাত হাজার কোটি টাকা বিনিয়োগ করতে হবে। এসব প্রকল্পে বিনিয়োগের জন্য ইতিমধ্যে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি), ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডসহ (ইডকল) বিভিন্ন উন্নয়ন সহযোগীরা আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের আইপিএফ তহবিল থেকেও অর্থসহায়তা পাওয়া যাবে। শিগগিরই তাদের সবার সঙ্গে এ ব্যাপারে বৈঠক করা হবে।সামিট-জিই দর প্রস্তাব অনুযায়ী বিবিয়ানা-১ কেন্দ্রের প্রতি ইউনিট (এক কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুতের দাম হবে দুই টাকা ৩০ পয়সার মতো (৩ দশমিক ৩২ মার্কিন সেন্ট)। মেঘনাঘাট-২ কেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম হবে দুই টাকা ৭৫ পয়সার মতো (৩ দশমিক ৯৮৭৪ মার্কিন সেন্ট) এবং বিবিয়ানা-২ কেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম হবে দুই টাকা ৩৫ পয়সার মতো।