সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ তৃতীয় পক্ষের ‘ষড়যন্ত্র’: প্রধানমন্ত্রী
সাম্প্রতিক সময়ে বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিক অসন্তোষকে তৃতীয় পক্ষের ‘ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এর মাধ্যমে ষড়যন্ত্রকারীরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। তবে সরকার গোয়েন্দা সংস্থার মাধ্যমে এসব ষড়যন্ত্রকারীর নাম ও তথ্য সংগ্রহ করছে। প্রধানমন্ত্রী উসকানিদাতাদের সতর্ক করে দিয়ে বলেছেন, এখনই তারা এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ না করলে সরকার কঠোর পদক্ষেপ নেবে। মে দিবস উপলক্ষে আজ শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ আলোচনার আয়োজন করে। প্রধানমন্ত্রী শ্রমিক-মালিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়ে বলেন, কারখানা শুধু শ্রমিক বা শুধু মালিকের নয়—তাই কারখানার স্বার্থে, নিজেদের উন্নত জীবনের কথা ভেবে মালিক-শ্রমিক উভয়কেই এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী মালিকদের উদ্দেশে বলেন, যে শ্রমিকদের ঘামে অর্জন করা অর্থে আপনারা সুখী ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করেন, সে শ্রমিকেরা যাতে ভালো থাকে তার জন্য প্রয়োজনীয় সব কিছু করুন। তাঁদের প্রতি আরও সহানুভূতিশীল ও দায়িত্ববান হোন; শ্রমিকের ন্যূনতম চাহিদা পূরণে সক্রিয় উদ্যোগ নিন। তাহলেই শ্রমিক কারখানার আরও উন্নতির জন্য কাজ করবে।প্রধানমন্ত্রী শ্রমিকদের উদ্দেশে বলেন, যে কারখানা আপনাদের রুটি-রুজির ব্যবস্থা করে তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদেরই। কারখানা না থাকলে আপনাদের রোজগার হবে কোথা থেকে? নিজের জীবন-জীবিকার ক্ষতি হয় এমন কোনো কাজ না করতে তিনি তাঁদের প্রতি আহ্বান জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের কল্যাণে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির উল্লেখ করে বলেন, শ্রমিকের স্বার্থ রক্ষা করে শ্রম আইন সংশোধন করা হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সরকার শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা সহজ করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।