সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত চায় বিএনপি (ভিডিও)
চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে গতকাল শুক্রবার পুলিশের গুলিতে পাঁচজন নিহত হওয়ার ঘটনাসহ সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত চায় বিএনপি। আজ শনিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।মির্জা ফখরুল স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের গতকালের বক্তব্যের কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ‘এই বক্তব্য তামাশা ছাড়া আর কিছুই নয়। এসব ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করুন। এসব বন্ধ করুন। দোষী ব্যক্তিদের বের করুন।’ তাঁর অভিযোগ, সরকার সহিংসতা উসকে দিচ্ছে এবং জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। গতকাল চাঁদপুরের কচুয়ার আলীয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের সামনে, নিরাপত্তা বাহিনীর সামনে যদি সাধারণ মানুষকে খুন করা হয়, তাহলে পুলিশ কি আঙুল চুষবে? পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো বন্ধ করার।’ লিখিত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার যেভাবে নির্মম নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে, তা দেখলে মনে হয় সরকার পোড়ামাটি নীতি গ্রহণ করেছে। বর্তমান অবস্থা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে—এমন মন্তব্য করে মির্জা ফখরুল দাবি করেন, ‘বাংলাদেশ এখন মৃত্যু-উপত্যকায় পরিণত হয়েছে।’ বিএনপির এই নেতার অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে পুলিশ প্রথমে বিনা উসকানিতে গুলি করে। এরপর সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলে। আসামি ধরতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটছে। কারণ, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। হাজার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব ঘটনাকে কেন্দ্র করে অনেক বাণিজ্য হচ্ছে বলে তাঁর দাবি। তিনি বলেন, মিথ্যা মামলায় এভাবে আসামি ধরতে গেলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবেই। দেখলে মনে হয়, সরকার নিজেই জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এসব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ফখরুল বলেন, ১৮ দলের কালকের বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।