সাম্প্রদায়িক তৎপরতার বিরুদ্ধে সোচ্চার হতে খালেদার আহ্বান
মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের বিরোধিতা করে জামায়াতে ইসলামী বোরবার ও সোমবার টানা দুই দিন হরতালের ডাক দেয়। এ হরতালের সমর্থনে পিকেটিংয়ের সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের তাণ্ডবে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে গত দুই দিনে পুলিশের ছয় সদস্যসহ প্রায় ২৬ জন নিহত হয়েছেন।দেশে চলমান এ ধরনের ঘৃণ্য তত্পরতার বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার রাতে পাঠানো এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা এ আহ্বান জানান।বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘ব্যর্থ ও গণবিচ্ছিন্ন হয়ে পেশি ও অস্ত্রশক্তির ওপর নির্ভরশীল সরকারের ফ্যাসিবাদী নির্যাতন-নিপীড়ন এবং নির্বিচার হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশব্যাপী সর্বস্তরের সাধারণ মানুষ যখন ফুঁসে উঠে প্রতিরোধের লড়াই শুরু করেছে, সেই মুহূর্তে বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজের বেশ কয়েকটি ঘটনার কথা আমরা জানতে পেরেছি।’ এসব ঘৃণ্য সাম্প্রদায়িক ও সন্ত্রাসী কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। কঠোর হাতে এই অপতত্পরতা দমনের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন বলেন, “গত ১ মার্চ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে আমি পরিকল্পিতভাবে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে আক্রমণ চালিয়ে দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের অপচেষ্টার কথা উল্লেখ করে দেশবাসীকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছিলাম। আমি আবারও সেই আহ্বান উল্লেখ করছি এবং সবাইকে সম্মিলিতভাবে এ ধরনের ঘৃণ্য তত্পরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।’ তিনি বলেন, ‘এ দেশের মানুষ ধার্মিক, কিন্তু সাম্প্রদায়িক নয়। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—সব ধর্মের মানুষ আবহমানকাল ধরে এ দেশে পাশাপাশি শান্তিতে বসবাস করে আসছে। কিন্তু বিভিন্ন সময় গণবিচ্ছিন্ন শাসকেরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে জনগণের আন্দোলনকে বিপথগামী করার অপচেষ্টা চালিয়েছে। স্বৈরশাসকদের এহেন ঘৃণ্য তত্পরতা নস্যাত্ করে দিয়ে অতীতে আমরা জনগণের আন্দোলনকে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছি। এবারও তার ব্যত্যয় ঘটবে না।’খালেদা জিয়া বলেন, “আমি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, আলেম-ওলামাসহ ধর্মপ্রাণ নাগরিকবৃন্দ এবং দেশের সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়, ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ সব স্থাপনা যেকোনো আক্রমণ থেকে রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন। দেশের কোথাও কোনো কুচক্রীমহলের উসকানিতে ধর্মীয় সংখ্যালঘু ভাইবোনদের জীবন, সম্পদ ও সম্মান যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যাপারে আপনারা সজাগ থাকুন।’ বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, “দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ধর্ম-গোত্র-সম্প্রদায়নির্বিশেষে এ দেশে বসবাসরত প্রতিটি নাগরিকের জান-মাল-সম্ভ্রমের নিরাপত্তা ও ধর্মীয় অধিকারের সুরক্ষায় বিএনপি বদ্ধপরিকর। এর ওপর কোনো আঘাত বরদাশত করা হবে না।’ ইতিমধ্যে যে কয়েকটি দুঃখজনক ঘটনা ঘটেছে, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে সেসবের জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে উপযুক্ত বিচার করা এবং ক্ষতিগ্রস্ত লোকজনকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান খালেদা জিয়া।সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘এ ধরনের ঘৃণ্য তত্পরতার ব্যাপারে কোনো পূর্বধারণার বশবর্তী কিংবা মহলবিশেষের প্রচারণায় বিভ্রান্ত না হয়ে প্রকৃত ঘটনা জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরুন। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে সহায়তা করুন।’