সাম্প্রদায়িকতা ও ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে: মেনন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচার বানচাল করতে সাম্প্রদায়িকতা ও ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা করে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এ অপপ্রচার ও অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।আজ বুধবার রাজধানীর পল্টনের কার্যালয়ে ১৪ দলের সভায় রাশেদ খান মেনন এসব কথা বলেন। মেনন বলেন, বিএনপি-জামায়াত ধর্মকে ব্যবহার করে স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা শাহবাগের গণজাগরণ মঞ্চকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করে তাদের উসকে দেওয়া হচ্ছে। এ অপপ্রচারের বিরুদ্ধে সর্বত্র সঠিক বিষয়টি তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে পাড়া-মহল্লায় প্রতিরোধ ব্রিগেড গড়ে তুলতে হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির কামরুল আহসান, সাম্যবাদী দলের হারুন চৌধুরী, জাসদের আসাদুজ্জামান, গণতন্ত্রী পার্টির মনজুরুল কবীরসহ স্থানীয় নেতারা।