দেশে সাম্প্রদায়িকতা নির্মূল করতে সাংবিধানিক সমতা দরকার বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। আজ বুধবার চট্টগ্রাম নগরে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। ‘সাম্প্রদায়িকতা, সম্প্রীতি, মানবাধিকার ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে চট্টগ্রাম থেকে প্রকাশিত ‘দৈনিক আজাদী’ ও বাংলাদেশ মানবাধিকার কমিশন। মিজানুর রহমান বলেন, ‘আমাদের সর্বোচ্চ আইন সংবিধান। সংবিধানের একদিকে রাষ্ট্রধর্ম ইসলাম আর একদিকে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা ও রাষ্ট্রধর্ম একসঙ্গে যায় না। সাম্প্রদায়িকতা নির্মূল করতে হলে সাংবিধানিক সমতা দরকার।’মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘দেশ সাম্প্রদায়িক হুমকির মুখে। কিছু মহল স্বার্থ হাসিলের জন্য এসব ঘটনা ঘটায়। তবে আশার বিষয় হলো, রামুর ঘটনা যদি সরকার সঠিকভাবে মোকাবিলা করতে না পারত, তাহলে বাংলাদেশে গুজরাটের মতো অবস্থা হতো।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ বলেন, ‘বর্তমানে দেশে পুলিশ বাহিনীর ওপর হামলা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের চেষ্টা চলছে। এগুলো রামুর ঘটনার ধারাবাহিকতা।’রামুর ঘটনা উল্লেখ করে আইনজীবী জিয়া হাবিব আহসান বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন সঠিক ভূমিকা রাখলে রামুতে এত বড় ঘটনা ঘটত না।’চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (সদর) বনজ কুমার মজুমদার বলেন, ‘ঘটনার পরদিন সরকারি নির্দেশে রামুতে গিয়ে অনেকের সঙ্গে কথা বলি। জানতে পারি, যারা হামলায় জড়িত তারা কী করেছে, নিজেরাই সেটা বুঝতে পারেনি।’ এ ধরনের ঘটনায় সঠিক তদন্ত করে দোষীদের বিচারের মুখোমুখি করা হলে এর পুনরাবৃত্তি বন্ধ করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। বৈঠক সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য জাকির হোসেন। বক্তব্য দেন ‘দৈনিক আজাদী’-এর সম্পাদক এম এ মালেক, সহকারী সম্পাদক অরুণ দাশগুপ্ত, চট্টগ্রামের সিভিল সার্জন আবু তৈয়ব, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ফরিদ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ-জেলার নূর মোহাম্মদ সোহেল, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসুদ্দীন হায়দার প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন ‘দৈনিক আজাদী’-এর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক।