সাম্প্রদায়িকতাবিরোধী জাতীয় সম্মেলন ৮ ডিসেম্বর
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতীয় সম্মেলনের ডাক দিয়েছেন দেশের ১৫ জন বিশিষ্ট বুদ্ধিজীবী ও নাগরিক। আগামী ৮ ডিসেম্বর ঢাকা মহানগর নাট্যমঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।আজ সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিশিষ্টজনেরা এ কথা জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।বিশিষ্টজনেরা বলেছেন, সম্প্রতি রামুসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৌদ্ধ সম্প্রদায়ের ওপর সংঘটিত সাম্প্রদায়িক নির্যাতনের ঘটনায় তাঁরা মর্মাহত ও ক্ষুব্ধ। তাঁদের মতে, এ নির্যাতন সুপরিকল্পিত। এ ঘটনার আগে ও পরে দেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও প্রতিমা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আহমদিয়া সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হয়েছে।বিশিষ্টজনেরা মনে করছেন, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের চলমান বিচারপ্রক্রিয়া ব্যাহত করার জন্য দেশব্যাপী এ হামলার ঘটনা ঘটেছে। এসব নির্যাতন রোধ করতে নাগরিক সমাজের পক্ষ থেকে ঐক্যবদ্ধ উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন ১৫ জন বিশিষ্ট বুদ্ধিজীবী ও নাগরিক। এ কারণেই সাম্প্রদায়িকতাবিরোধী জাতীয় সম্মেলনের ডাক দেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সাহিত্যিক সৈয়দ শামসুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, অধ্যাপক এম এম আকাশ, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার প্রমুখ।