সাম্প্রদায়িক উসকানি বরদাশত করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বাংলাদেশের মাটিতে কোনো সাম্প্রদায়িক উসকানি বরদাশত করা হবে না। সরকার বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে রাজনৈতিক শক্তি দিয়ে সাম্প্রদায়িক রাজনীতির মোকাবিলা করবে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থানার নবনির্মিত ভবন উদ্বোধনের পর থানার মাঠে আয়োজিত এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে দেশের নৈরাজ্যকর অবস্থার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে মন্ত্রী বলেন, ধর্মের মোড়কে কতিপয় ব্যবসায়ী দেশের শান্তি নষ্ট করে অরাজকতার সৃষ্টি করছে। এই অপশক্তি দেশের স্বাধীনতার দুশমন। যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে এরা তত্পর। ধর্মকে পুঁজি করে এই অপশক্তি দেশের মানুষের মনে বিভ্রান্তি ছড়াচ্ছে। জনগণকে এই অপশক্তির হাত থেকে সতর্ক থাকতে আহ্বান জানান তিনি। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের শাস্তির বিধান নিশ্চিত করে প্রমাণ করা হবে বাংলাদেশ সম্প্রীতির দেশ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষ শত অপরাধ করে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। তাই সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুন্দর বাংলাদেশ গড়ায় কাজ করতে বিএনপি-জামায়াতের প্রতি মন্ত্রী আহ্বান জানান। সমাবেশে ময়মনসিংহের মানুষের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের অন্যান্য স্থানের তুলনায় ময়মনসিংহের মানুষ অনেক বেশি শান্তিপ্রিয়। আগামী দিনেও এই শান্তি বজায় রাখার আহ্বান জানান তিনি।পুলিশের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের পুলিশ বাহিনীর গৌরবময় অধ্যায় আছে। ১৯৭১ সালে পুলিশ বাহিনীই প্রথম পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। পুলিশের এই গৌরব ধরে রাখতে বর্তমান সময়েও জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। এ ছাড়াও ময়মনসিংহের জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন।