বৌদ্ধধর্মাবলম্বীদের শত বছরের পুরোনো ১২টি বৌদ্ধবিহার পুড়িয়ে দেওয়ার ঘটনা শুনে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর আজ রোববার দুপুরে কক্সবাজারের রামুতে যান। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর জানান, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা যত শক্তিশালীই হোক, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। রামুর চৌমোহনী চত্বরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মন্দির পোড়ানোর ঘটনা বাংলাদেশের ইতিহাসে দুঃখজনক। হামলার ঘটনাটি পরিকল্পিত দাবি করে তিনি বলেন, ‘সাম্প্রদায়িক গোষ্ঠী এটি পরিকল্পিতভাবে করিয়েছে।’ আগুন দেওয়ার সময় গানপাউডার ও পেট্রল ব্যবহার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংঘবদ্ধ দল পরিকল্পিতভাবে এটি করেছে। তবে তারা যত শক্তিশালীই হোক, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।মন্ত্রী বলেন, ঘটনাস্থল পরিদর্শনের সময় অনেকে অভিযোগ করেছেন যে, আগুন লাগানোর ঘটনায় পুলিশ ও দমকল বাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। বিষয়টি তদন্তের জন্য তিনি চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করবেন বলে জানান। ওই কমিটি ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘একাত্তরে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছিলাম। কক্সবাজারের রামু সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ছিল। বৌদ্ধমন্দিরে হামলার ঘটনায় রামু সেই ঐতিহ্য ধরে রাখতে পারেনি।’ এ ঘটনায় তিনি মর্মাহত ও দুঃখিত বলে জানান। সরকার ওই অঞ্চলের বৌদ্ধদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী ও শিল্পমন্ত্রীর সঙ্গে ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি), র্যাবের ডিজি, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, কক্সবাজারের জেলা প্রশাসক প্রমুখ।কক্সবাজারের রামু উপজেলা সদরে গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় একদল লোক বৌদ্ধধর্মাবলম্বীদের শত বছরের পুরোনো ১২টি বৌদ্ধবিহারে আগুন লাগায়। দুটি বিহারসহ বড়ুয়াপাড়ায় অর্ধশতাধিক বাড়ি ভাঙচুর করা হয়। এ ছাড়া প্রায় ৩০টি বাড়িতে আগুন দেওয়া হয়। এ পরিস্থিতিতে প্রশাসন আজ রোববার সকাল থেকে রামু সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে।