সাম্প্রদায়িক শক্তি রুখতে জোরালো সাংস্কৃতিক আন্দোলনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশের সব অর্জনে সাংস্কৃতিক কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে হলে সাংস্কৃতিক আন্দোলন জোরদারের বিকল্প নেই। সাংস্কৃতিক কর্মীরা মনে করেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দিয়ে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর ষড়যন্ত্র মোকাবিলা করা যাবে না। এর জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন। বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে মোকাবিলা করতে সাংস্কৃতিক শক্তিকে পৃষ্ঠপোষকতা প্রদানের আহ্বান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সংগঠনের নেতারা যুদ্ধাপরাধীদের বিচার নস্যাৎ করতে জামায়াত ও তাদের মিত্ররা যে ষড়যন্ত্র করছে, তা মোকাবিলা করতে দেশব্যাপী সংস্কৃতিক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ। বক্তব্য দেন জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা প্রমুখ। সংবাদ সম্মেলনে সাংস্কৃতিক ক্ষেত্রে দেওয়া সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়।জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ছয়টি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে আছে: বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ সরকারি প্রতিষ্ঠানের অনুষ্ঠানের শিল্পীসম্মানী থেকে ১০ শতাংশ উৎস কর হিসেবে কেটে নেওয়া বন্ধ করে শিল্পীদের সম্মানী বাড়ানো; ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে জাতীয় পর্যায়ের সংগঠনগুলোর বর্তমান অর্থবছরের প্রস্তাবিত কর্মপরিকল্পনা অনুযায়ী অর্থ বরাদ্দ ও ছাড় দেওয়া; চলতি অর্থবছরেই উপজেলা পর্যায়ে স্বাধীনতা মুক্তমঞ্চ ও সাংস্কৃতিক বলয় এবং শিল্পকলা একাডেমী স্থাপনে কার্যকর পদক্ষেপ নেওয়া; শিল্পকলা একাডেমী গণতন্ত্রায়ণ এবং বেতার ও টেলিভিশনের স্বায়ত্তশাসন নিশ্চিত করা; শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং মহড়াকক্ষ, মুক্তমঞ্চ ও ডরমেটরি তৈরি করার কথা বলছেন তাঁরা। এ ছাড়া বিদেশে সাংস্কৃতিক প্রতিনিধিদল পাঠানোর ক্ষেত্রে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সুপারিশসমূহ বাস্তবায়নের দাবি জানানো হয়।জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, দেশের বিশেষ অবস্থায় যখন অন্যান্য শ্রেণী-পেশার মানুষ নীরব ভূমিকা রাখে, তখন সাংস্কৃতিক কর্মীরা মাঠে নেমে আসেন। তাই সরকারকে সাংস্কৃতিক কর্মীদের কর্মকাণ্ডে যথোপযুক্ত সহযোগিতা করতে হবে।