সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে সম্প্রীতি সমাবেশ
খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতির উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। শহরের মহল্লায় মহল্লায় শান্তি কমিটি গঠন করে বিভিন্ন জায়গায় সম্প্রীতি সমাবেশ করা হচ্ছে। আদিবাসী ও বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক, পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত থাকছেন।খাগড়াছড়ি পৌর মিলনায়তনে গতকাল শুক্রবার বেলা ১১টায় এক সম্প্রীতি সমাবেশ হয়। সমাবেশে আদিবাসী ও বাঙালি নেতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন। সমাবেশে শরণার্থী পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান স্থানীয় সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং মানুষের মধ্যে যে অবিশ্বাস, উদ্বেগ আছে, তা দূর করে আস্থার পরিবেশ তৈরি করতে বিভিন্ন জায়গায় সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহযোগিতা করা হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, গত শনিবারের ঘটনায় প্রশাসনের কিছুটা ব্যর্থতা ছিল। তিনি যেকোনো মূল্যে খাগড়াছড়িতে শান্তি ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন। পুলিশের চট্টগ্রাম অঞ্চলের উপমহাপরিদর্শক (ডিআইজি) আসাদুজ্জামান মিয়া হামলা ও সংঘর্ষের সময় পুলিশ বাহিনীর কোনো ভুল এবং দায়িত্বে অবহেলা থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। তিনি গ্রেপ্তার হওয়া নিরপরাধ ব্যক্তিদের ছেড়ে দেওয়ারও আশ্বাস দেন।সম্প্রীতি সমাবেশে আরও বক্তব্য দেন পৌর মেয়র জয়নাল আবেদীন, জাহেদুল আলম, ক্যজরী মারমা, কুজেন্দ্র লাল ত্রিপুরা, সুদর্শন দত্ত, ধীমান খীসা, সন্তোষিত চাকমা প্রমুখ। এ ছাড়া গতকাল বিকেল চারটায় গোলাবাড়ী এলাকার রাজ্যমণিপাড়ায় ও বিকেল পাঁচটায় মধুপুর এলাকার শিশুসদনে সম্প্রীতি সমাবেশ হয়।জেলার রামগড় উপজেলায় গতকাল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক শান্তি সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, এই উপজেলায় যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে। জেলা আওয়ামী লীগের সদস্য শৈলেশ কুমার নাগের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য দেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কাওসার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংসুপ্রু কারবারি, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মনসুর আহমেদ, রামগড় কেন্দ্রীয় মসজিদের ইমাম আবদুল হক, বৌদ্ধধর্মীয় গুরু যতিকা মারমা প্রমুখ।