প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারও উসকানি না শুনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছেন, পাহাড়ি ও বাঙালি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে হবে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সবার সমান অধিকার নিশ্চিত করা হয়েছে।প্রধানমন্ত্রী গতকাল শনিবার বান্দরবানের রাজার মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন। প্রধানমন্ত্রী রুমা ও থানচিতে সাঙ্গু নদের ওপর নির্মিত দুটি সেতু উদ্বোধনের জন্য বান্দরবানে এসেছিলেন। সকালে হেলিকপ্টারে করে রুমা ও থানচিতে সেতু উদ্বোধনের সময় সেখানেও পথসভায় বক্তব্য দেন।বেলা সাড়ে তিনটায় প্রধানমন্ত্রী রাজার মাঠে এসে পৌঁছান। এখানে তিনি বলেন, আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন চায়। এ জন্য পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে রাজনৈতিকভাবে সমাধানের জন্য পার্বত্য চুক্তি করা হয়েছে। এখন চুক্তি বাস্তবায়নের কাজ চলছে। ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন, চুক্তি বাস্তবায়ন কমিটি গঠনসহ অনেক বিষয় বাস্তবায়ন করা হয়েছে। অবাস্তবায়িত অংশগুলো বাস্তবায়ন করা হবে। তিন পার্বত্য জেলায় বিশেষ বরাদ্দ দিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা ও আঞ্চলিক পরিষদের ব্যাপক উন্নয়নকাজ চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম একসময় প্রত্যন্ত অঞ্চল ছিল। চুক্তির পর ৪০০ কিলোমিটার সড়কের উন্নয়ন হয়েছে। ২৬৩ কিলোমিটারের কাজ চলছে এবং আরও ২০৬ কিলোমিটার সড়কের কাজ শুরু করা হবে। এর ফলে এখন পর্যটন ও স্থানীয় সম্পদ কাজে লাগানোর মাধ্যমে এ অঞ্চলের মানুষের উন্নয়নের দ্বার উন্মোচিত হয়েছে। প্রধানমন্ত্রী থানচি উপজেলার একমাত্র মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান থানচি উচ্চবিদ্যালয়কে সরকারীকরণ, রুমায় বন্ধ হওয়া কলেজ চালু এবং ৫০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন। জেলা আওয়ামী লীগের সভাপতি প্রসন্নকান্তি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে আয়োজিত জনসভায় বক্তব্য দেন পর্যটন ও বেসামরিক বিমান চলাচলবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোশাররফ হোসেন, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর উশৈচিং, চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।