গোলটেবিল বৈঠক: ‘এটা ধর্মের ওপর আঘাত নয়, সভ্যতা ও সংস্কৃতির ওপর আঘাত’
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান
রামু, উখিয়া, টেকনাফ ও পটিয়ায় বৌদ্ধমন্দির, মূর্তি এবং বাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এটা ঘটানো হয়েছে। এ ক্ষেত্রে প্রশাসন সঠিক ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। তবে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ করতে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, পেশাজীবী সংগঠন এবং গণমাধ্যমকে এখনই সোচ্চার ও সক্রিয় হতে হবে। গতকাল মঙ্গলবার ‘বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার নিন্দা জানাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারী বিশিষ্টজনেরা এসব কথা বলেন। নিজ কার্যালয়ে প্রথম আলো এই বৈঠকের আয়োজন করে। বৈঠকে একাধিক আলোচক বলেন, বৌদ্ধধর্মাবলম্বীদের ওপর এ ধরনের হামলার ঘটনা এই ভূখণ্ডে এর আগে ঘটেনি। তাঁরা দোষী ব্যক্তিদের দৃশ্যমান বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সোচ্চার হওয়ার আহ্বান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘রামু-উখিয়ার ঘটনায় আমি গভীরভাবে বিচলিত হয়েছি। সাম্প্রদায়িক শক্তি তাদের প্রয়াস চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে প্রশাসনের নিষ্ক্রিয়তা গভীর মনোবেদনার কারণ। সাম্প্রদায়িক ঘটনা প্রতিরোধে ষাটের দশকে রাজনৈতিক দল বা বুদ্ধিজীবীরা যে ভূমিকা নিতেন, এখন সেটা ঘটছে না।’ তিনি সম্প্রীতি রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।সাংসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ষাটের দশকের মতো প্রতিরোধের শক্তি রাজনৈতিক দলগুলোর নেই। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ঐক্য এখনো প্রাসঙ্গিক। তিনি বলেন, রাজনৈতিক কর্মীকে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। এই বিষয়গুলো বক্তৃতার বিষয় না করে চর্চার মধ্যে আনতে হবে। রাজনৈতিক দল, নাগরিক সমাজ, পেশাজীবী সংগঠন, গণমাধ্যমকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে এবং সংবাদপত্রগুলোর কাছে এ বিষয়ে অভিন্ন সম্পাদকীয় প্রকাশের অনুরোধ জানান তিনি।স্বাগত বক্তব্যে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, দুষ্কৃতকারীরা গত ২৯ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত রামু, উখিয়া, টেকনাফ ও পটিয়ায় ১৯টি উপাসনালয়, পাঁচ শতাধিক বৌদ্ধ মূর্তি ভাঙচুর এবং বহু বাড়িতে আগুন দেয়। এটা ছিল পরিকল্পিত আক্রমণ। পরিকল্পিত ঘটনা: হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, মহাজোট সরকারের ক্ষমতায় বসার দ্বিতীয় বছর থেকেই ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও সম্পত্তি দখলের নানা ঘটনা ঘটতে দেখা গেছে। এসব ঘটনায় ১৫ জন সাংসদের সংশ্লিষ্টতার প্রমাণ আছে। এরপর চট্টগ্রামের পাথরঘাটা ও হাটহাজারী, সাতক্ষীরা, দিনাজপুরের চিরিরবন্দর এবং রাঙামাটির ঘটনা ঘটেছে। তিনি বলেন, এ বছর ডিসেম্বর নাগাদ বা তার কিছু পরে যুদ্ধাপরাধের বিচারের রায় হতে পারে। সেই রায় সামনে রেখে একটা কিছু করার প্রক্রিয়া শুরু করেছে একটি পক্ষ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাবেরী গায়েন বলেন, রামুতে অতি অল্প সময়ের মধ্যে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল বিশেষ উদ্দেশ্যে। ফেসবুকের একটি ট্যাগ থেকে এই ঘটনার সূত্রপাত—এমন ব্যাখ্যা কিছুতেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ঘটনার রাজনৈতিক-অর্থনৈতিক বিশ্লেষণ দরকার। ধর্মীয় সংখ্যালঘুদের জায়গাজমি থেকে সরানো এবং রোহিঙ্গাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহারেরও উদ্দেশ্য থাকতে পারে।রাশেদ খান মেনন বলেন, ঘটনার সঙ্গে রোহিঙ্গাদের বিষয় জড়িত আছে বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন। তবে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, রোহিঙ্গারা এ দেশে শরণার্থী, তাদের প্রতি দায়িত্ব আছে। ঢালাওভাবে পুরো জনগোষ্ঠীকে দোষ দিলে রোহিঙ্গাদের ঝুঁকি বাড়বে। তিনি বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পেলে ব্যক্তিকে বা ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। চাই সম্প্রীতি: অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি প্রচার সংঘের মহাসচিব পি কে বড়ুয়া বলেন, ‘আমরা শান্তি চাই, সম্প্রীতি চাই, মিলন চাই।’ বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, ‘২৯ সেপ্টেম্বরের ঘটনা এ দেশের ইতিহাসে কালো তিলক এঁকে দিল।’ জগতের সকল প্রাণী সুখী হোক—বুদ্ধের এই অমর বাণী উচ্চারণ করে তিনি বলেন, ‘আমাদের ওপর কেন আঘাত এল, আমরা বুঝতে পারি না।’ তিরি আরও বলেন, এই অপ্রত্যাশিত ঘটনায় তাঁরা আতঙ্কিত। ধর্মরাজিক মহাবিহারের উপাধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথেরো বলেন, এ দেশে বৌদ্ধধর্মাবলম্বীরা কোনো দিন হামলার মধ্যে পড়েনি। তিনি বলেন, ‘এটা ধর্মের ওপর আঘাত নয়, সভ্যতা ও সংস্কৃতির ওপর আঘাত।’ রাশেদ খান মেনন বলেন, ‘বৌদ্ধ সমাজের কাছে ক্ষমাপ্রার্থী।’ ক্ষোভ প্রশাসনের ওপর: একাধিক আলোচক বলেন, প্রশাসন প্রতিটি ঘটনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। কিছু ক্ষেত্রে প্রশাসনের লোকজনও উসকানি দিয়েছে বলে তাঁরা অভিযোগ করেন। জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনার নিরূপা দেওয়ান বলেন, ‘জোর গলায় বলব, প্রশাসন ইচ্ছাকৃতভাবে নীরব থেকেছে।’ রাঙামাটির একটি ঘটনার বর্ণনা দেন তিনি। এক যুবক আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ির দিকে দৌড়ে যাচ্ছিল। গাড়ির কাছাকাছি পৌঁছালেই পুলিশ তাকে রক্ষা না করে গাড়ি চালিয়ে চলে যায়। আক্রান্ত হয় যুবক। তিনি বলেন, প্রশাসনকে আরও আন্তরিক হতে হবে।রানা দাশগুপ্ত বলেন, রামুর ঘটনা এবং আগের ঘটনাগুলোয় দেখা গেছে পুলিশ নির্বিকার থেকেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কাবেরী গায়েন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি নিশ্চয়ই স্থানীয় প্রশাসনকে কিছু নির্দেশ দিয়ে এসেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী চলে আসার পর আবারও হামলার ঘটনা ঘটে। কাবেরী প্রশ্ন করেন, তা হলে প্রশাসন কি কথা শুনছে না?মিজানুর রহমান বলেন, প্রশাসনের মধ্যে জামায়াত-শিবিরের ভূত লুকিয়ে আছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে এদের চিহ্নিত করতে হবে।অস্বাভাবিক সন্ধি: আনিসুজ্জামান রাষ্ট্রধর্ম বিলোপ করার দাবি করেন। তিনি বলেন, ‘এই রাষ্ট্রধর্ম মানুষকে বিভক্ত করে রেখেছে।’ মিজানুর রহমান বলেন, সংবিধানে রাষ্ট্রধর্ম ও ধর্মনিরপেক্ষতার এক অস্বাভাবিক সন্ধি করা হয়েছে। এই সন্ধির বলি রামু। তিনি বলেন, এই সন্ধি থাকলে রামুর মতো ঘটনা ভবিষ্যতে আরও ঘটবে। মহাজোট সরকারকে উদ্দেশ করে মিজানুর রহমান প্রশ্ন করেন, ‘ধর্মীয় শক্তি এতটা মাথাচাড়া দিল—চার বছর আপনারা কী করেছেন। এর দায়ভার আপনাদের নিতে হবে। প্রশ্নের জবাব দিতে হবে।’অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।