সাম্প্রদায়িকতাবিরোধী জাতীয় সম্মেলন ৮ ডিসেম্বর
ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করতে চায়, তাদের অপতৎপরতায় সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও জঙ্গিবাদ আবার বাংলাদেশে মাথা তুলতে চাইছে। এসব শক্তি রুখতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। এই উপলব্ধি থেকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতীয় সম্মেলনের ডাক দিয়েছেন দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিক। আগামী ৮ ডিসেম্বর ঢাকা মহানগর নাট্যমঞ্চে দিনব্যাপী এ সম্মেলন হবে।রাজধানীর সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে গতকাল সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে বিশিষ্টজনেরা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।বিশিষ্টজনেরা বলেন, সম্প্রতি রামুসহ দেশের বিভিন্ন এলাকায় বৌদ্ধ সম্প্রদায়ের ওপর সংঘটিত সাম্প্রদায়িক নির্যাতনের ঘটনায় তাঁরা মর্মাহত ও ক্ষুব্ধ। এ নির্যাতন অপ্রত্যাশিত হলেও সুপরিকল্পিত। এ ঘটনার আগে ও পরে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির ও প্রতিমা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আহমদিয়া সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হয়েছে।বিশিষ্টজনেরা মনে করছেন, ওই ঘটনার পর মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের চলমান বিচারপ্রক্রিয়া ব্যাহত করতে দেশব্যাপী সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এসব নির্যাতন রোধ করতে নাগরিক সমাজের পক্ষ থেকে ঐক্যবদ্ধ উদ্যোগ নেওয়া প্রয়োজন।সম্মেলনের উদ্যোগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে, মৌলিক পদক্ষেপগুলো নাগরিক উদ্যোগেই নেওয়া হয়েছে। দেশের মানুষের ভাবনা জাগ্রত করাই অনুষ্ঠেয় সম্মেলনের উদ্দেশ্য। তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস, কেবল মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রেখেই অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব। দেশ থেকে সাম্প্রদায়িকতা প্রতিরোধে পদক্ষেপগুলো চিহ্নিত হবে সম্মেলনে।’সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারে না। রাষ্ট্রের দায়িত্ব নাগরিক সুবিধা নিশ্চিত করা। আমরা এমন এক রাষ্ট্র চাই, যে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না।’কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক বলেন, ‘কোনো দলের বিরুদ্ধে নয়, আমাদের অবস্থান সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে।’সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নাগরিক উদ্যোগ কমে গেছে মন্তব্য করে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, ‘রাজনৈতিকভাবে আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি।’সংবিধানের ৩৮ অনুচ্ছেদের উল্লেখ করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, সবার সংগঠন করার অধিকার আছে। কিন্তু সাম্প্রদায়িক শক্তির প্রকাশ্য প্রচারণা সামাজিক, ধর্মীয় শৃঙ্খলা নষ্ট করছে, বিদ্বেষ ছড়াচ্ছে। এদের রোধ করতে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে।সম্মেলনে অধ্যাপক এম এম আকাশ জানান, জাতীয় সম্মেলনের পর দেশের প্রতিটি জেলায় সাম্প্রদায়িকতাবিরোধী সমাবেশ হতে পারে।সম্মেলনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক শক্তির একত্র হওয়ার সুযোগ ঘটবে বলে আশা প্রকাশ করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। তিনি সম্মেলনের সফলতায় গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত বিশিষ্টজনেরা ছাড়াও এই জাতীয় সম্মেলন আয়োজনের সঙ্গে আরও রয়েছেন জাতীয় অধ্যাপক সালাহউদ্দীন আহমদ, জাতীয় অধ্যাপক সরদার ফজলুল করিম, জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, শিল্পী কাইয়ুম চৌধুরী, আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন হামিদা হোসেন, কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।