সাম্য আনতে ঐক্যের আহ্বান ওবামার
যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক বৈষম্য নিরসনের লক্ষ্যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্ষমতায় গ্রহণের পর তৃতীয়বারের মতো দেওয়া স্টেট অব ইউনিয়ন বক্তৃতায় ওবামা বলেন, অর্থনৈতিক অসাম্যের কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবিত্তরা আজ চরম ঝুঁকিপূর্ণ অবস্থায়। প্রেসিডেন্ট বলেন, ধনী-দরিদ্রের মধ্যে আয়ের ভারসাম্য সৃষ্টির জন্য সরকারের পক্ষ থেকে আরও করণীয় রয়েছে। আমরা এমন ভারসাম্যের অর্থনীতি গড়তে পারি যেখানে যে যার ন্যায্য দেনা-পাওনার অংশীদারত্ব নিশ্চিত করতে পারবে। ধনী-দরিদ্রকে একই নীতিমালা মেনে চলতে হবে উল্লেখ করে প্রেসিডেন্ট ওবামা বলেন, সাম্যের এ ভাবধারা ডেমোক্র্যাট বা রিপাবলিকান দলের নয়—আমেরিকার এ ভাবধারার আমরা পুনরুজ্জীবন চাই।প্রথা অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বছরের শুরুতেই কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতা দিয়ে থাকেন। এ বক্তব্যে বছরব্যাপী মার্কিন প্রেসিডেন্টের অগ্রাধিকার কর্মসূচি সমূহ প্রাধান্য পেয়ে থাকে।নিজে ক্ষমতার আসার আগে থেকেই অর্থনৈতিক মন্দা অবস্থা চালু হয়েছে উল্লেখ করেন ওবামা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। গত ২২ মাসে ৩০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট ওবামা বলেন, অর্থনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার যেকোনো প্রয়াসকে প্রতিহত করা হবে।প্রেসিডেন্ট ওবামা তাঁর অর্থনৈতিক সংস্কার আইন বাস্তবায়নের জন্য আইন প্রণেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মার্কিন কর্মীদের বিশ্বে সেরা কর্মশক্তি উল্লেখ করে তিনি বলেন, কাজ-কর্ম এবং ব্যবসা-বাণিজ্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ধরে রাখতে হলে আইনের সংস্কার প্রয়োজন। বিনিয়োগকারীদের জন্য কর সুবিধা প্রদান করতে হবে। যারা স্থানীয় কর্মী নিয়োগ করবে তাদের অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক সংস্কার আইন প্রণয়নের জন্য আইনপ্রণেতাদের প্রতি তিনি আহ্বান জানান।যুক্তরাষ্ট্রের ভেঙে পড়া অভিবাসন আইন সম্পর্কেও প্রেসিডেন্ট ওবামা তাঁর স্টেট অব ইউনিয়নে বক্তব্য রাখেন। সমন্বিত অভিবাসন সংস্কার আইন প্রণয়নের জন্য তিনি উভয় দলের আইনপ্রণেতাদের প্রতি পুনরায় আহ্বান জানান। শিক্ষা, স্বাস্থ্যব্যবস্থাসহ অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ সব বিষয়েই প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর বক্তব্যে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ সাফল্যের কথা প্রেসিডেন্ট ওবামা তাঁর বক্তব্যের গুরুতেই উল্লেখ করেন।ইরাক যুদ্ধের অবসান, ইরাক থেকে শেষ মার্কিন সেনা প্রত্যাবর্তনের কথা উল্লেখের সময় আইনপ্রণেতারা দাঁড়িয়ে উল্লাস প্রকাশ করেন। প্রেসিডেন্ট ওবামা আল-কায়েদার শীর্ষ নেতা বিন লাদেন হত্যার উল্লেখ করে বলেন, বিন লাদেন আমাদের তাড়া করছে না—শীর্ষ আল-কায়েদা জঙ্গিদের পতন ঘটেছে বলে ওবামা তাঁর বক্তব্যে উল্লেখ করেন।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্টেট অব ইউনিয়নে বক্তব্য রাখার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামা কংগ্রেসের সভাকক্ষে পৌঁছালে তাঁকে স্বাগত জানান ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং স্পিকার জন বোয়েনার। পর্যবেক্ষক গ্যালারিতে গুরুত্বপূর্ণ আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে ফার্স্টলেডি মিশেল ওবামা উপস্থিত ছিলেন।পুনর্নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর স্টেট অব ইউনিয়ন বক্তব্যে নির্বাচনী প্রচারণার বক্তব্যই প্রাধান্য পেয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত নয়টা থেকে প্রায় এক ঘণ্টা ১০ মিনিট বক্তব্য রাখেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর স্টেট অব ইউনিয়নে দেওয়া বক্তব্য বেতার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।প্রতিক্রিয়াওবামার বক্তব্যের পরপরই রিপাবলিকান দলের পক্ষ থেকে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় ইনডিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর বলেন, প্রেসিডেন্ট ওবামা গত তিন বছরে যুক্তরাষ্ট্রের জনগণের অর্থনৈতিক সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছেন। রিপাবলিকান গভর্নর মিচ ড্যানিয়েল বলেন, কংগ্রেসে রিপাবলিকান আইনপ্রণেতারাই অর্থনৈতিক সংস্কার, ব্যয় সংকোচন এবং কর্মসংস্থান বৃদ্ধির পক্ষে আইন প্রণয়ন করছেন।