দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা এবং গণ-আন্দোলনের শক্তিতে সাম্রাজ্যবাদকে প্রতিরোধের অঙ্গীকার ব্যক্ত করে শেষ হলো তৃতীয় আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ-বিরোধী ঢাকা সম্মেলন। সম্মেলনে গৃহীত হয়েছে ১২ দফার ঢাকা ঘোষণা। আজ মঙ্গলবার সম্মেলনের সমাপনী অধিবেশনে এ ১২ দফা ঘোষণা দেওয়া হয়। ‘ইন্টারন্যাশনাল অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট অ্যান্ড পিপলস সলিডারিটি কো-অর্ডিনেটিং কমিটি’র (আইএপিএসসিসি) সঙ্গে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। সম্মেলনের তৃতীয় ও শেষ দিনে আজ সন্ধ্যায় সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয় মহানগর নাট্যমঞ্চের কাজী বশীর মিলনায়তনে। বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও আইএপিএসসিসির সদস্য মুবিনুল হায়দার চৌধুরী এতে সভাপতিত্ব করেন। এতে পুরো সম্মেলনের অর্জনগুলো তুলে ধরেন আইএপিএসসিসির সাধারণ সম্পাদক মানিক মুখার্জি।ঢাকা ঘোষণায় যা আছে: ১২ দফা ঢাকা ঘোষণায় মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী শক্তির ইরাক-আফগানিস্তানে দখলদারিত্বের তীব্র নিন্দা জানিয়ে গণহত্যায় দায়ে সাম্রাজ্যবাদী দেশগুলোর শাসকদের যুদ্ধাপরাধী হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানানো হয়। এ ছাড়া ন্যাটোর নেতৃত্বে লিবিয়ায় আগ্রাসনকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করে গাদ্দাফি হত্যার বিচার এবং লিবিয়ার অভ্যন্তরীণ বিষয়ে সাম্রাজ্যবাদী শক্তির হস্তক্ষেপ বন্ধ করার দাবি জানানো হয়। এ ছাড়া ফিলিস্তিনি জনগণের ওপর মার্কিন মদদে ইসরায়েলি সামরিক হামলা, গাজা অবরোধের তীব্র প্রতিবাদ জানানো হয় এবং স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানানো হয়। ঢাকা ঘোষণায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিশেষত সিরিয়ায় সামরিক আগ্রাসনের সব তত্পরতা বন্ধের জোর দাবি জানানো হয়। ঘোষণায় ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের হুমকির নিন্দা জানিয়ে ইরানি জনগণের সাম্রাজ্যবাদ-বিরোধী সংগ্রামের প্রতি একাত্মতা ঘোষণা করা হয়। ঢাকা ঘোষণায় জাতিসংঘকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাবার স্ট্যাম্প হিসেবে আখ্যা দেওয়া হয়। এতে কিউবা ও উত্তর কোরিয়ার ওপর মার্কিন সাম্রাজ্যবাদের অবরোধ-হুমকির তীব্র নিন্দা জানিয়ে উভয় কোরিয়ার একত্রকরণের ক্ষেত্রে সাম্রাজ্যবাদী বাধা ও হস্তক্ষেপ বন্ধের দাবি জানানো হয়। বলিভিয়া-ভেনিজুয়েলাসহ ল্যাটিন আমেরিকার দেশে দেশে চলমান সংগ্রামের সঙ্গে সংহতি জানিয়ে ওই সব দেশের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী চক্রান্ত বন্ধ করার জোর দাবি জানানো হয় ঢাকা ঘোষণায়।ঢাকা ঘোষণায় বাংলাদেশ-নেপাল-শ্রীলঙ্কা-পাকিস্তান-মালয়েশিয়া-ভিয়েতনামসহ দক্ষিণ-দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বিশেষত ভারত ও চীনের নানামুখী চক্রান্ত, প্রকাশ্য গোপন তত্পরতার তীব্র নিন্দা জানানো হয়। ঘোষণায় বাংলাদেশের তেল-গ্যাস-কয়লাসহ খনিজ সম্পদ রক্ষার আন্দোলনে সমর্থন ও সংহতি ঘোষণা করা হয়। এ ছাড়া ঢাকা ঘোষণায় নেপালের ইউনিফায়েড কমিউনিস্ট পার্টির (মাওবাদী) নেতৃত্বে জনগণের বিজয়কে নস্যাত্ করতে ভারত-মার্কিন আঁতাতের তীব্র নিন্দা জানিয়ে সব ধরনের হস্তক্ষেপ বন্ধ করার দাবি জানানো হয়। ঢাকা ঘোষণায় মিসরের জনগণের গণতান্ত্রিক সংগ্রাম, ‘অকুপাই ওয়াল স্ট্রিট’ আন্দোলনসহ সারা দুনিয়ায় চলমান পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ-বিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করা হয়। দেশে দেশে প্রবল গণ-আন্দোলন গড়ে তুলে পরস্পরের সঙ্গে সমন্বয় ঘটিয়ে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদকে চিরতরে দুনিয়ার বুক থেকে উত্খাত করার আশাবাদ ঢাকা ঘোষণায় ব্যক্ত করা হয়।