সাম্রাজ্যবাদবিরোধী ঢাকা সম্মেলন চলছে
দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন, লুণ্ঠন, দখলদারি ও অবরোধের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে শুরু হয়েছে তৃতীয় আন্তর্জাতিক সাম্রাজ্যবাদবিরোধী ঢাকা সম্মেলন-২০১১।২০০৭ সালে ভারতের কলকাতায় প্রথম সম্মেলন ও দ্বিতীয় সম্মেলনটি লেবাননের বৈরুতে অনুষ্ঠিত হয়েছিল।তৃতীয় আন্তর্জাতিক সাম্রাজ্যবাদবিরোধী ঢাকা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ঢাকা মহানগর নাট্যমঞ্চে, সম্মেলনে এরই মধ্যে যুক্তরাষ্ট্র, নেপাল, পাকিস্তান, মরক্কো, লেবানন, মিসর, কানাডা, হাঙ্গেরি, ভেনেজুয়েলা, ইরানসহ পৃথিবীর বিভিন্ন দেশের বাম সংগঠনের নেতারা জড়ো হয়েছেন।উদ্বোধনী ভাষণে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদের) সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জমান বলেন, ‘মুখে গণতন্ত্রের কথা বলে যুক্তরাষ্ট্রসহ সাম্রাজ্যবাদী শক্তি সারা বিশ্বে গণহত্যা ও লুণ্ঠন চালাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ চায় শান্তি। তাই এ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।’উদ্বোধনী আলোচনা সভায় আরও উপস্থিত আছেন ভারতের বাম সংগঠন এসইউসিআইসির পলিটব্যুরো সদস্য ও আইএপিএসসিসির সাধারণ সম্পাদক কমরেড মানিক মুখার্জি, নেপালের সাবেক উপপ্রধানমন্ত্রী মাওবাদী নেতা কৃষ্ণ বাহাদুর মাহারা, পাকিস্তানের কমিউনিস্ট নেতা মোহাম্মদ ইকবাল, যুক্তরাষ্ট্রের ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য সারাহ ক্লাউনন্ডাস আর বাংলাদেশের তেল-গ্যাস-বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ শহীদুল্লাহ। সমাবেশে বিশ্বের ২৭টি দেশের শতাধিক নেতা-কর্মী যোগ দিয়েছেন।নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও মাওবাদী নেতা পুষ্পকমল দহল প্রচণ্ডের সম্মেলনে আসার কথা থাকলেও তিনি আসেননি। তবে তিনি সম্মেলনে লিখিত বক্তব্য পাঠিয়েছেন। তাঁর বক্তব্য পাঠ করেন কৃষ্ণ বাহাদুর মাহারা। লিখিত বক্তব্যে প্রচণ্ড বলেন, ‘নেপালের জটিল রাজনৈতিক পরিস্থিতির কারণে ইচ্ছা সত্ত্বেও আমি আসতে পারলাম না। তবে শোষণ-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে আমি আপনাদের সঙ্গে থাকব।’