এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাম্রাজ্যবাদী চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ১৫ জন বিশিষ্ট নাগরিক। এসব চক্রান্তের বিরুদ্ধে ২৯ জুন বিকেল চারটায় প্রেসক্লাবের সামনে নাগরিকদের নিয়ে তাঁরা তিনটি দাবিও তুলে ধরবেন। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেছেন এমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, শেখ মোহাম্মদ শহিদুল্লাহ, কে এস সাদউদ্দিন, এম এম আকাশ, আনিসুর রহমান, আহসানুল হক, আনু মোহাম্মদ, নাসিম আকতার হোসাইন, সৈয়দ আবুল মকসুদ, কামাল লোহানী, শফিক উজ জামান, আকমল হোসেন, এইচ কে এস আরিফিন, গোবিন্দ চক্রবর্তী ও হারুন অর রশীদ।বিবৃতিতে তাঁরা বলেন, মুম্বাইভিত্তিক ইংরেজি টিভি নিউজ চ্যানেলের বরাত দিয়ে সম্প্রতি চট্টগ্রামে সপ্তম নৌবহর ঘাঁটি গড়ছে বলে খবর প্রকাশিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মার্কিন দূতাবাস খবরটি অস্বীকার করলেও অস্থায়ী-স্থায়ী মার্কিন সামরিক উপস্থিতির কথা এখন পর্যন্ত কোনো পক্ষই নাকচ করেনি। এ ছাড়া ২ জুন মার্কিন প্রতিরক্ষাসচিব লিওন প্যানেট্টা সিঙ্গাপুরে এক ঘোষণায় বলেছেন, আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মোট রণতরীর ৬০ শতাংশ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করবে। এ ধরনের খবর নতুন অশনি সংকেত। বিবৃতিতে বলা হয়, মার্কিন সাম্রাজ্যবাদের অতীতের ধরন থেকে এটিই স্পষ্ট হয়েছে যে তৃতীয় বিশ্বের যারা মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে বন্ধুত্ব করেছে, তাদের আর দ্বিতীয় শত্রুর প্রয়োজন হয়নি। এসবের প্রতিবাদে ২৯ জুন বিকেল চারটায় প্রেসক্লাবের সামনে ঐক্যবদ্ধ তিনটি দাবি তুলে ধরা হবে। দাবিগুলো হলো—কোনো ধরনের অসম চুক্তির মাধ্যমে বঙ্গোপসাগরে সপ্তম নৌবহরকে ঘাঁটি গড়তে দেওয়া যাবে না, আঞ্চলিক শান্তির স্বার্থে চীন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সব নৌশক্তিকে সংযম বজায় রাখতে হবে এবং বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পুরোনো এবং নতুন যেকোনো চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে।